মুম্বইয়ের কাছে ভেঙে পড়ল চার তলা বাড়ি! অন্তত ৯ জনের মৃত্যু
মুম্বইয়ের কাছে বহুতল ভেঙে বিপর্যয়। মৃত্যু হল অন্তত আট জনের। ধ্বংসস্তূপের ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সে ক্ষেত্রে হতাহতের সংখ্যা বাড়তে পারে।
বৃহস্পতিবার রাত সাড়়ে ১১টা নাগাদ মুম্বই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে, মহারাষ্ট্রের ঠাণে জেলার ভিওয়ান্দিতে ওই বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় বাড়ির ভিতরে ছিলেন বেশ কয়েক জন আবাসিক এবং নির্মাণশ্রমিক। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন তাঁরা। রাত থেকে শুরু হয় উদ্ধারকাজ। সকালেও তা চলছে। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), ঠাণের বিপর্যয় মোকাবিলাকারী দল এবং স্থানীয় দমকল বাহিনী। মাটি কাটার যন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটির একাংশ ভেঙে পড়ার সময়ে ভিতরে আটকে পড়েন ১১ জন। তাঁদের মধ্যে ছ’জন আবাসিক আর পাঁচ জন নির্মাণশ্রমিক। উদ্ধারকাজ তদারকি করা দমকল আধিকারিক নিতিন চ্যবন জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত তাঁরা আট জনের দেহ উদ্ধার করেছেন। তবে দেহগুলি কার, তা এখনও করা চিহ্নিত করা যায়নি।
ভিওয়ান্দির বালাজিনগর এলাকায় ‘কোহিনূর ভবন’ নামেই পরিচিত ছিল বাড়িটি। ভগ্নদশার কারণে ভিওয়ান্দি-নিজামপুর পুরসভাকে বাড়িটিকে ‘বিপজ্জনক’ এবং ‘বসবাসের অযোগ্য’ বলে চিহ্নিত করেছিল। তার পরেও ওই বাড়িতে মেরামতির কাজ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। বাড়িটির চারটি তলা মিলিয়ে মোট ৪৮টি ঘর ছিল।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ওই বাড়ির ভিতর থেকে একটি বিকট শব্দ শোনা যায়। তার পরেই সেটির নানা অংশে ফাটল ধরে। বিপদ বুঝতে পেরে স্থানীয়রাই ওই বাড়ির কয়েক জন আবাসিককে বাইরে বার করে আনেন। তার পরেও অবশ্য ভিতরে মেরামতির কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। কয়েক জন আবাসিক বাড়িছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত সাড়ে ১১টা নাগাদ ঘটে বিপর্যয়। বাড়িটির একাংশ হুড়মু়ড়িয়ে ভেঙে পড়ে।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন