শনিবার, আগস্ট ২২, ২০২৬

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩২

সোনার দেশ ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ১২:২৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩২

কলম্বিয়ায় স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ধসে পড়া ভবনের নিচে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির ভূতাত্ত্বিক পরিষেবা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ৭টা ৩৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ১২:৩৪) ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি চোকো প্রদেশে ১০৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। পশ্চিম কলম্বিয়ায় শত শত মাইল বিস্তৃত এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।


মৃতদের অনেকেই কলম্বিয়ার কফি উৎপাদনকারী অঞ্চলের শহর পেরেইরার বাসিন্দা। আশপাশের শহর এবং ভালে দেল কাওকা অঞ্চলও ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। তবে স্থানীয় মেয়র লেওন ফাবিও মারিন মোনকাদা জানিয়েছেন, সেখান থেকে যাতায়াতের সড়ক ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে সেখানে কেউ নিহত বা আহত হননি।


কলম্বিয়ার অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিজ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পে ৪৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) দূরে অবস্থিত পেরেইরা শহরেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।


তথ্যসূত্র: বিডিনিউজ