শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভিক্ষুকের টাকা ৫৫ লাখ

সোনার দেশ ডেস্ক ১৪ আগস্ট ২০২৬ ১২:০৪ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৪ আগস্ট ২০২৬ ১২:০৪ অপরাহ্ন
ভিক্ষুকের টাকা ৫৫ লাখ
গ্রেপ্তার নারী সংগৃহীত অর্থ বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন। ছবি: এআই

জর্ডানের রাজধানী আম্মানে ভিক্ষা করার সময় এক নারীকে গ্রেপ্তার করে তল্লাশি চালিয়ে প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (১৩ আগস্ট) জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী আম্মানের একটি বাণিজ্যিক এলাকায় ভিক্ষা করার সময় ওই নারীকে আটক করা হয়। পরে সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষাবিরোধী দল ও জননিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।


কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী দীর্ঘদিন ধরে নিয়মিত ভিক্ষা করতেন। প্রতিদিন ভিক্ষা করে পাওয়া অর্থ জমিয়ে রাখার পাশাপাশি বিভিন্ন বিদেশি মুদ্রায় তা রূপান্তর করতেন।

এভাবে তার কাছে বিপুল পরিমাণ অর্থ জমা হয়।

তবে ওই নারী কতদিন ধরে ভিক্ষা করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

তার জাতীয়তা সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


গ্রেপ্তারের পর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওই নারীকে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় নাগরিকদের রাস্তায় ভিক্ষা করা ব্যক্তিদের সরাসরি অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, অসহায় ও দরিদ্র মানুষকে সহায়তা করতে চাইলে অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ দেওয়া উচিত। একই সঙ্গে সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা কর্তৃপক্ষকে জানাতেও নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ভিক্ষাবৃত্তি বন্ধে ভিক্ষাবিরোধী দলগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানের অংশ হিসেবেই আম্মানে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।


তথ্যসূত্র: রয়টার্স, বাংলানিউজ