এপস্টেইনের কাছে পর্ন ব্যবসায় বিনিয়োগ চেয়েছিলেন অ্যানথ্রপিক প্রধানের স্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের স্ত্রী ও ঘনিষ্ঠ উপদেষ্টা ক্যামি ক্লার্ক বিতর্কিত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনের কাছে নারীদের জন্য তৈরি একটি ‘বিপ্লবী পর্নোগ্রাফি ব্যবসায়’ বিনিয়োগ চেয়েছিলেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের পাশাপাশি এপস্টেইন-সংক্রান্ত ই-মেইল নথির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সাহিত্য এজেন্ট জন ব্রকম্যান ২০১১ সালের মার্চে ক্যামি ক্লার্ক ও তার ব্যবসায়িক সহযোগী মিশেল ক্যাপোসেফালোকে এপস্টেইনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই সময় এপস্টেইন ২০০৮ সালে যৌন অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হওয়ার পরও বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক যোগাযোগ বজায় রেখেছিলেন।
পরিচয়ের পর ক্লার্ক এপস্টেইনের সঙ্গে রাতের খাবারে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। পরদিন তিনি তার ব্যবসার অর্থায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে এপস্টেইনকে ই-মেইল করেন।
কয়েক দিন পর তিনি তার প্রতিষ্ঠানের প্রথম কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিকল্পনাও পাঠান।
এক ই-মেইলে ক্লার্ক এপস্টেইনকে জানান, তাদের প্রথম চারটি চলচ্চিত্রের চিত্রনাট্য তিনি এবং তার সঙ্গে থাকা নারীরা উপভোগ করতে পারেন।
ওই বার্তায় তিনি এটিকে প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী কনটেন্ট হিসেবেও উল্লেখ করেন।
এক বছর পর বিনিয়োগের প্রস্তাব
প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালের মার্চে ক্লার্ক আবার এপস্টেইনের কাছে জানতে চান, তিনি ও তার সহযোগীর ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী কি না। তবে এপস্টেইন ওই ব্যবসায় কোনো অর্থ বিনিয়োগ করেছিলেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বরং অন্য একটি ই-মেইলে এপস্টেইন টেলিভিশনভিত্তিক যৌন কনটেন্টে বিনিয়োগ করতে পারবেন না বলে জানান।
২০১২ সালের জুলাইয়ে ক্লার্ক এপস্টেইনকে একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমন্ত্রণও জানিয়েছিলেন। তবে ই-মেইল নথিতে এরপর তাদের মধ্যে সরাসরি আর দেখা হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অ্যানথ্রপিকে কতটা প্রভাবশালী ক্যামি ক্লার্ক?
ক্যামি ক্লার্ক আনুষ্ঠানিকভাবে অ্যানথ্রপিকে কোনো পদে কাজ করেন না। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের ‘সাউন্ডিং বোর্ড’ ও কৌশলগত উপদেষ্টা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিভিন্ন বড় আন্তর্জাতিক সম্মেলনে আমোদেইয়ের সঙ্গে তাকে দেখা যায়। দাভোসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমোদেই বক্তব্য দেওয়ার সময় ক্লার্ককে সামনের সারিতেও দেখা গেছে। বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ সমাবেশেও তিনি যোগাযোগ রক্ষা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছর নয়াদিল্লিতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সম্মেলনেও আমোদেই তার স্ত্রীকে সঙ্গে নিয়ে যান। যেখানে অনেক নির্বাহী তাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে অংশ নিলেও আমোদেই তার স্ত্রীকে সঙ্গে নিয়েছিলেন।
অ্যানথ্রপিকের উত্থানেও ভূমিকা
১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের নেভাডায় জন্ম নেওয়া ক্লার্ক ২০১৪ সালে সাবেক গুগল প্রধান এরিক শ্মিটের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। পরে ২০২২ সালে দারিও আমোদেইকে বিয়ে করেন।
আমোদেই ২০১৬ সালে ওপেনএআইয়ে যোগ দেওয়ার সময় ক্লার্ক তার কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করেন। তিনিই আমোদেইকে শ্মিটের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ২০১৮ সালে আমোদেই ও শ্মিটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও তার উদ্যোগে হয়।
পরবর্তীতে ২০২০ সালের শেষ দিকে আমোদেই, তার বোন ড্যানিয়েলা এবং কয়েকজন সহকর্মী ওপেনএআই ছেড়ে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। শ্মিট প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ প্রাথমিক বিনিয়োগকারীদের একজন হন এবং ২০২১ সালের মে মাসে ঘোষিত ১২ কোটি ৪০ লাখ ডলারের সিরিজ এ অর্থায়নেও অংশ নেন।
প্রতিবেদনে অবশ্য ক্লার্কের এপস্টেইনের কাছ থেকে বিনিয়োগ চাওয়ার সঙ্গে অ্যানথ্রপিকের ব্যবসা বা অর্থায়নের কোনো সরাসরি সম্পর্কের কথা বলা হয়নি।
তথ্যসূত্র: এনডিটিভি, বাংলানিউজ