শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিক নিহত

সোনার দেশ ডেস্ক ১৯ আগস্ট ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৯ আগস্ট ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন
কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিক নিহত
সাংবাদিক দেবাশীষ ও তার স্ত্রী-সন্তান

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে আগুন লেগে স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ কুষ্টিয়ার একজন সাংবাদিক নিহত হয়েছেন। ওই সাংবাদিক হলেন দেবাশীষ দত্ত (৪০)।

তিনি দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। এ ছাড়া তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বেও ছিলেন।


এ ঘটনায় দেবাশীষের স্ত্রী আফসানা শারমীন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর মো. আকরাম আলী নিহত হয়েছেন। নিহতদের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট দেবাশীষ দত্ত স্ত্রী, ছেলে ও শ্বশুরকে নিয়ে চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরু যান। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার তারা কলকাতায় ফেরেন এবং একটি আবাসিক হোটেলে উঠেন। ওই রাতেই হোটেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৪ জন নিহত হন। ১৯ আগস্ট তাদের বাংলাদেশে ফেরার কথা ছিল।


আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান দেবাশীষ ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিক দেবাশীষ দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


তথ্যসূত্র: রাইজিংবিডি