শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

সর্বনাশ! এ কোন ইমরান খান! ন’মাস বাদে দেখা, স্ত্রী বুশরা যেন আকাশ থেকে পড়লেন!

সোনার দেশ ডেস্ক ২০ আগস্ট ২০২৬ ০২:১২ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২০ আগস্ট ২০২৬ ০২:১২ অপরাহ্ন
সর্বনাশ! এ কোন ইমরান খান! ন’মাস বাদে দেখা, স্ত্রী বুশরা যেন আকাশ থেকে পড়লেন!

দীর্ঘদিন পর স্বস্তি ফিরল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবারে। সুপ্রিম কোর্টের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই আদিয়ালা জেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন স্ত্রী বুশরা বিবি ও বোন নওরিন নিয়াজি। দীর্ঘদিন বাদে স্ত্রীকে দেখতে পেয়ে খুশিতে চোখ ভিজে যায় প্রাক্তন পাক তারকার। চলতি বছরে পরিবারের সদস্যদের সঙ্গে ইমরানের এটিই প্রথম সরাসরি সাক্ষাৎ। তীব্র মানসিক চাপ ও নানাবিধ শারীরিক জটিলতায় ভুগতে থাকা এই পিটিআই নেতার স্বাস্থ্য নিয়ে যখন উদ্বেগ চরমে, তখনই শীর্ষ আদালতের হস্তক্ষেপে মিলল এই মানবিক ছাড়পত্র।


আদালতের নির্দেশে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ইমরানকে ইসলামাবাদের শেফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে গিয়ে বিশেষ মেডিকেল বোর্ডের অধীনে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেই বোর্ডে থাকবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতানও। পাশাপাশি পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ এবং ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতিও বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পর আদিয়ালা জেলে প্রথমে ইমরানের তিন বোন পৌঁছালেও পুলিশের অনুমতিক্রমে কেবল নওরিনই ভেতরে ঢোকার সুযোগ পান। প্রায় ১৫ মিনিটের সেই সাক্ষাতে তিনি ভাইকে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং আইনি দিকগুলো সম্পর্কে অবহিত করেন। এর পরপরই ইমরানের সঙ্গে প্রায় আধঘণ্টা কথা বলেন তাঁর স্ত্রী বুশরা বিবি।


জেলে ইমরানকে দেখার সুযোগ পেয়ে বোন আলিমা খান সংবাদমাধ্যমের কাছে নিজেদের বাঁধভাঙা আনন্দের কথা প্রকাশ করেন। তবে সরকারের তরফ থেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশটি পুনর্বিবেচনার জন্য আদালতে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। আইনমন্ত্রী আজম নাজির তারার জানিয়েছেন, সাধারণ বন্দিদের যেখানে সরকারি হাসপাতালেই চিকিৎসা হয়, সেখানে এই বিশেষ সুবিধা নিয়মের পরিপন্থী কি না, তা সরকার খতিয়ে দেখছে। সব মিলিয়ে সরকারের আপত্তি থাকলেও, ইমরান শিবিরের কাছে এই শীর্ষ আদালতের নির্দেশটি বহুদিনের আইনি লড়াইয়ে এক বড়সড় স্বস্তির নিশ্বাস।


তথ্যসূত্র: আজকাল অনলাইন