শনিবার, আগস্ট ২২, ২০২৬

এশিয়ার সাবেক শীর্ষ ধনীর যাবজ্জীবন কারাদণ্ড

সোনার দেশ ডেস্ক ২০ আগস্ট ২০২৬ ০৭:১৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২০ আগস্ট ২০২৬ ০৭:১৭ অপরাহ্ন
এশিয়ার সাবেক শীর্ষ ধনীর যাবজ্জীবন কারাদণ্ড

বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত আবাসন নির্মাতা প্রতিষ্ঠান চায়না এভারগ্রান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানকে একটি চীনা আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। প্রতিষ্ঠানটির পতনের পাঁচ বছর পর এই রায় দেওয়া হলো, যা দেশটির অর্থনীতি ও আর্থিক বাজারকে নাড়িয়ে দিয়েছিল। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।


একসময় এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হুই কা ইয়ান গত এপ্রিলে তহবিল অপব্যবহার, তহবিল সংগ্রহে জালিয়াতি, অবৈধভাবে জনগণের আমানত গ্রহণ, অবৈধভাবে ঋণ প্রদান, প্রতারণামূলকভাবে সিকিউরিটিজ ইস্যু করা এবং ঘুষসহ আটটি অভিযোগে দোষ স্বীকার করেন।


মধ্য হেনান প্রদেশের একটি গ্রাম্য পরিবেশে দাদির কাছে বেড়ে ওঠা ইস্পাত প্রযুক্তিবিদ হুই ১৯৯৬ সালে এভারগ্রান্ড প্রতিষ্ঠা করেন। আগ্রাসীভাবে ঋণ গ্রহণ করে চুক্তিভিত্তিক বিক্রয়ের মাধ্যমে এটিকে চীনের বৃহত্তম আবাসন নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত করেন তিনি। ফোর্বসের মতে, ২০১৭ সালে হুই-এর মোট সম্পদের পরিমাণ ছিল ৪৫ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা এশিয়ায় সর্বোচ্চ।


একসময় চীনের শীর্ষস্থানীয় আবাসন নির্মাতা প্রতিষ্ঠান এভারগ্রান্ড তার ৩০০ বিলিয়ন ডলারের দেনার বেশিরভাগই পরিশোধে ব্যর্থ হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে দেওয়া এই রায়ে হুই-এর সমস্ত ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই রায়ের মাধ্যমে তার দারিদ্র্য থেকে সাফল্যের শিখরে ওঠার গল্পের সমাপ্তি ঘটলেও, এভারগ্রান্ডের দেশীয় ও বিদেশী পাওনাদারদের জন্য এটি খুব বেশি স্বস্তি বয়ে আনবে বলে মনে হয় না।


আদালত এক বিবৃতিতে বলেছে, “এভারগ্রান্ড গ্রুপ, হেংডা রিয়েল এস্টেট এবং হুই কা ইয়ানের অপরাধমূলক কর্মকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ ও গুরুতর পরিস্থিতি জড়িত ছিল, যা উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতি এবং বিশেষভাবে মারাত্মক সামাজিক ক্ষতি করেছে। আইন অনুযায়ী এর কঠোর শাস্তি হওয়া উচিত।”


হুই-এর সাজার পাশাপাশি আদালত জানিয়েছে , তারা এভারগ্রান্ডেকে ১৩১ কোটি ডলার এবং এর প্রধান সহযোগী প্রতিষ্ঠান হেংডাকে ৭ বিলিয়ন ইউয়ান (চীনা মুদ্রা) জরিমানা করেছে এবং আরও পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জরিমানা ও ছয় থেকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে।


তথ্যসূত্র: রাইজিংবিডি