হিজবুল্লাহর ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কের অভিযোগে হিজবুল্লাহর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সংগঠনটিকে আবারও ‘স্পেশালি ডিজিগনেটেড গ্লোবাল টেররিস্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন।
মার্কিন প্রশাসন বলেছে, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের নির্দেশনায় ইরানি সরকারের হয়ে কাজ করছে।
এ ছাড়া হিজবুল্লাহর জন্য বিপুল পরিমাণ নগদ অর্থ পাচারের অভিযোগে ১০ ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই নেটওয়ার্কের সদস্যরা লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইরানের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে যাতায়াতকারী কুরিয়ারদের মাধ্যমে কয়েকশ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ স্থানান্তর করেন।
ট্রেজারি বিভাগ বলেছে, তাদের ধারণা, এই কুরিয়ার নেটওয়ার্কটি অঞ্চলজুড়ে বিভিন্ন সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীকে অর্থায়নে ব্যবহৃত হচ্ছে।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে প্রথম হিজবুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। নতুন নিষেধাজ্ঞাগুলো সংগঠনটির বর্তমান কার্যক্রমকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন অর্থনৈতিক অভিযানের পরই হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বশেষ এই পদক্ষেপ নেওয়া হলো।
তথ্যসূত্র: আল জাজিরা, বাংলানিউজ