শনিবার, আগস্ট ২২, ২০২৬

সোমালিয়া ও ইয়েমেন উপকূলে হাইজ্যাক দুই পণ্যবাহী জাহাজ, আটক ২২ জন ভারতীয়

সোনার দেশ ডেস্ক ২১ আগস্ট ২০২৬ ১২:২৪ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২১ আগস্ট ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
সোমালিয়া ও ইয়েমেন উপকূলে হাইজ্যাক দুই পণ্যবাহী জাহাজ, আটক ২২ জন ভারতীয়
-প্রতিনিধিত্বমূলক ছবি।

লোহিত সাগর এবং এডেন উপসাগরের উপকূল বরাবর ফের প্রভাব বিস্তারের চেষ্টা জলদস্যুদের। ভৌগোলিক আকারের জন্য ‘হর্ন অফ আফ্রিকা’ বা ‘আফ্রিকার শিং’ বলে পরিচিত ওই এলাকায় দু’টি পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করেছে। দু’টি জাহাজে ছিলেন মোট ২২ জন ভারতীয়। বাকি জাহাজকর্মীদের সঙ্গে তাদেরও বন্দি করা হয়েছে বলে খবর।


প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার এমটি সিবু ১-এ ছিলেন ২০ জন জাহাজকর্মী। তাঁদের মধ্যে ১৬ জনই ভারতীয়। এডেন উপসাগরে, ইয়েমেন উপকূল থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে ছ’জন সশস্ত্র জলদস্যু ট্যাঙ্কারটি হাইজ্যাক করে।


সোমবার সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে ক্যামেরনের পতাকাবাহী জাহাজ এমভি লুটুফ হাইজ্যাক করেন জলদস্যুরা। ওই জাহাজে থাকা ১০ জন জাহাজকর্মীর মধ্যে ছ’জনই ভারতীয়। হাইজ্যাক করার পর জাহাজটিকে নুগাল উপকূলের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে সংবাদসংস্থা এপি। সামরিক জিনিসপত্র নিয়ে এই জাহাজটি সোমালিয়ার মোগাদিশু শহরের একটি তুর্কি সেনা প্রশিক্ষণকেন্দ্রের উদ্দেশে যাচ্ছিল বলে জানা গিয়েছে।


ইয়েমেন উপকূলে থাকা জাহাজটিকে ঠিক কবে হাইজ্যাক করা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে দু’টি ঘটনার কথাই প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর নজর রাখা সংস্থা ডাইরেক্টরেট অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ইয়েমেন উপকূলে হাইজ্যাক হওয়া জাহাজে থাকা ২০ জনই নিরাপদে রয়েছেন। যদিও তাঁদের বর্তমান অবস্থা এবং অবস্থান এখনও স্পষ্ট নয়।


তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন