আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ
আইফোনের মাসিক কিস্তি বা ইএমআই পরিশোধ করতে না পেরে আর্থিক চাপে যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের এক নৃত্যশিল্পী। তবে টহলরত পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত প্রাণে বেঁচে ফিরেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলা এলাকার বাসিন্দা দীপক কুমার গত কয়েক মাস ধরে আয় কমে যাওয়ায় আইফোনের মাসিক কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। এ নিয়ে তার মধ্যে ক্রমেই মানসিক চাপ বাড়ছিল।
ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকার ভোলা ঘাটে রাত সাড়ে ৮টার দিকে।
টহলরত পুলিশ সদস্যরা দীপককে নদীতে ঝাঁপ দিতে দেখে দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেন। পরে উদ্ধারকারীরা তাকে পানি ও কাদার মধ্য থেকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসেন।
দীপক পেশায় নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক। পাশাপাশি তিনি বাগানে মালির কাজও করেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার সংসার। উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ তার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে এবং স্ত্রী ও শ্যালককে খবর দেয়। পরে তাদের সঙ্গেই দীপক বাড়ি ফিরে যান।
এদিকে একই দিনে ভারতের মহারাষ্ট্রে আইফোনের ইএমআই নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের তিন সদস্য পাহাড় থেকে পড়ে মারা যাওয়ার ঘটনাও সামনে আসে। তবে তদন্তে ওই ঘটনার পেছনে আরও কিছু কারণের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
তথ্যসূত্র: আনন্দবাজার, বাংলানিউজ