ডিনারের পরে পরিবারের ৮ জনকে খুন
একসঙ্গে বসেই ডিনার করছিলেন সকলে। ডিনারের সময়েই হাসিঠাট্টায় মেতে। কয়েক মিনিটের মধ্যেই ছারখার হয়ে গেল গোটা পরিবার। ডিনারের মাঝেই পরপর আটজন আত্মীয়কে খুন করলেন ওই পরিবারের এক সদস্য।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বিলিংসে একটি বাড়িতে। ওই পরিবারের এক সদস্য অ্যাডাম ঘেকিয়েরে কর্মসূত্রে সেই সময় বাইরে ছিলেন। তিনিই জানিয়েছেন, ওই পরিবারকে আটজনকে নির্মমভাবে খুন করেন ওই পরিবারের এক সদস্য।
অ্যাডাম জানিয়েছেন, নিহতদের মধ্যে তাঁর প্রাক্তন স্ত্রী ও দুই সন্তান ছিল। চার প্রজন্মই শেষ হয়ে গিয়েছে। মৃতদের মধ্যে ৯০ বছরের এক বৃদ্ধা থেকে ৭ বছরের নাবালিকা রয়েছেন। পরিবারের মৃত আটজনের মধ্যে চারজন শিশু। গুলি করে পরিবারের সদস্যদের খুন করা হয়েছে। এরপর বাড়িতে আগুন ধরে যায়। গুলি চালানোর কিছুক্ষণ পরেই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।
অ্যাডাম পুলিশকে আরও জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী পরিবারেরই একজন সদস্য। হামলাকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ৪৪ বছর বয়সি হামলাকারীর মৃত্যু হয়েছে।
তবে পুলিশ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হামলার উদ্দেশ্য প্রকাশ করেনি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে পারিবারিক বিরোধ থেকে শুরু হওয়া ঘটনা হিসেবে দেখা হচ্ছে এবং এটি অপরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে চালানো এলোমেলো হামলা ছিল না। পরিকল্পনামাফিক এই খুনের ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন