বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, বিদেশিসহ নিখোঁজ ৪০৩

সোনার দেশ ডেস্ক ২৬ আগস্ট ২০২৬ ১০:০৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৬ আগস্ট ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, বিদেশিসহ নিখোঁজ ৪০৩

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ পর্যন্ত ৯৫টি মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও অব্যাহত রয়েছে।


সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ জানান, এই প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে পুরো জাতি বাকরুদ্ধ ও গভীরভাবে ব্যথিত। প্রাকৃতিক এই দুর্যোগকে আকস্মিক ও প্রচণ্ড ধ্বংসাত্মক আখ্যা দিয়ে তিনি ভারাক্রান্ত হৃদয়ে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ আপডেট অনুযায়ী, এখনও ৪০৩ জন মানুষ নিখোঁজ রয়েছেন। যার মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ রয়েছেন।


পর্যটন বোর্ড জানায়, ২৬টি ভিন্ন দেশের নাগরিকরা এই নিখোঁজের তালিকায় রয়েছেন। যার মধ্যে সর্বাধিক ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন।


নিখোঁজদের বড় অংশই ভারত-নেপাল সীমান্তের কাছে অবস্থিত মানস সরোবরের উদ্দেশে যাত্রা করেছিলেন।


তথ্যসূত্র: বিবিসি, বাংলাট্রিবিউন