শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

চরম দুঃসাহসিক প্রেম!

সোনার দেশ ডেস্ক ২৮ আগস্ট ২০২৬ ১২:৪১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৮ আগস্ট ২০২৬ ১২:৪১ অপরাহ্ন
চরম দুঃসাহসিক প্রেম!
ছবি: সংগৃহীত

বহুতলের চূড়ায় দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রেম নিবেদন— সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখে কোটি কোটি মানুষ শিহরিত হয়েছিল, এবার সেই চরম রোমাঞ্চের কারণেই কাঠগড়ায় দাঁড়াতে হল এক যুগলকে। নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় অবৈধভাবে উঠে ‘স্টান্ট’ করার দায়ে আইনি জটিলতায় ফেঁসেছেন ৩২ বছর বয়সী ইভান কুজনেতসভ এবং ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলিনা নিকোলাউ।


গত ১ জুলাই মাঝরাতে কালো পোশাক ও মুখ ঢেকে নিরাপত্তার তোয়াক্কা না করেই ১,৪৫৪ ফুট (৪৪৩ মিটার) উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনার চূড়ায় উঠে পড়েন এই রুশ যুগল। মাথার ওপর তখন চক্কর কাটছে সংবাদমাধ্যমের হেলিকপ্টার, আর নিচে শত শত ফুট শূন্যতা- এমন চরম মুহূর্তে সেখানে দাঁড়িয়ে তারা মেলে ধরেন একটি ব্যানার। যাতে লেখা ছিল, “When the power of love beats the love of power, the world knows peaceব” (যখন ক্ষমতার ভালোবাসাকে ছাপিয়ে যাবে ভালোবাসার ক্ষমতা, পৃথিবী তখনই শান্তির সন্ধান পাবে)। ঠিক সেই মুহূর্তে হাঁটু গেড়ে বসে অ্যাঞ্জেলিনাকে বিয়ের প্রস্তাব দেন ইভান, এবং আকাশছোঁয়া সেই উচ্চতায় একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করেন। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।


তবে এই ভালোবাসার প্রদর্শনীকে ভালো চোখে দেখেনি নিউ ইয়র্ক প্রশাসন। বেপরোয়া কাজের মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করা, অনধিকার প্রবেশ এবং সরকারি সম্পত্তির ক্ষতির মতো একাধিক গুরুতর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


সোমবার আদালতে শুনানির সময় কালো চামড়ার জ্যাকেট ও জিন্স পরে হাজির হন এই আলোচিত যুগল। কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের পেছনে শান্তভাবে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিলেন তারা। আদালত চত্বর থেকে বের হওয়ার পরও তাদের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি দেখা যায়নি; উপস্থিত সংবাদমাধ্যম ও উৎসুক জনতার সামনেই গভীর চুম্বনে একে অপরকে জড়িয়ে ধরেন তারা।


উল্লেখ্য, এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের পর্যবেক্ষণ ডেক সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত হলেও এর ওপরের কাঠামো বা অ্যান্টেনার অংশে ওঠা কঠোরভাবে নিষিদ্ধ। আগামী ২৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।


তথ্যসূত্র: আজকাল অনলাইন