বাংলাদেশি শ্রমিক নিয়োগ নিয়ে প্রতিমন্ত্রীর দাবি নাকচ মালয়েশিয়ার
আগামী ছয় মাসে মালয়েশিয়া দুই লাখ শ্রমিক নিয়োগের পরিকল্পনা করছে বলে বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্য দেশটির সরকারের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিনিধিত্ব করে না। বুধবার মালয়েশিয়া সরকারের মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাদজিল এ কথা বলেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এনএসটি।
রোববার ঢাকায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, সেপ্টেম্বর মাসের শেষের দিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় দুই লাখ শ্রমিক নেওয়া শুরু করবে। তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে তাদের মালয়েশিয়ায় পাঠানো হবে। এর বাইরে আরো ১০ হাজার শ্রমিক পাঠানো হবে একেবারে বিনা খরচে। আগামী ছয় মাসের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে।
তবে বুধবার মালয়েশিয়া সরকারের মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাদজিল জানিয়েছেন, প্রতিমন্ত্রীর করা দাবিটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।
তিনি বলেন, মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি আর. রামানন তাকে জানিয়েছেন, এই বিবৃতিটি একজন প্রতিমন্ত্রী দিয়েছেন এবং এটিকে বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে গণ্য করা উচিত নয়।
ফাহমি বলেন, “এটি বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তকে প্রতিনিধিত্ব করে না। মানবসম্পদ মন্ত্রী আমাকে এ কথা জানিয়েছেন। সুতরাং, এটি কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়।”
জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধামন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় খোলার বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেন। ঋণদাসত্ব, জোরপূর্বক শ্রম এবং প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দিয়ে শ্রমিকদের শোষণের অভিযোগের পর মালয়েশিয়া ২০২৪ সাল থেকে বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করে।
তথ্যসূত্র: রাইজিংবিডি