বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

হরমুজ প্রণালিতে নতুন মাইন পাতার দাবি ইরানের

সোনার দেশ ডেস্ক ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৮ অপরাহ্ন
হরমুজ প্রণালিতে নতুন মাইন পাতার দাবি ইরানের
হরমুজ প্রণালিতে ইরানের টহল জাহাজ। ছবি: আনাদোলু এজেন্সি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে নৌ-মাইন স্থাপন করার দাবি করেছে ইরান। একইসঙ্গে প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের দাবিকে তীব্র উপহাস ও প্রত্যাখ্যান করেছে দেশটি। 


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাগারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, এক রাতের বিশেষ অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালির দক্ষিণাংশে অবৈধ ও অননুমোদিত নৌ-রুটে নতুন করে এসব মাইন বসানো হয়েছে।  


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই জলপথটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার যে প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে কড়া বিদ্রুপ করেন জোলফাগারি।


তিনি বলেন, “মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই পরিস্থিতির জবাবে কেবল ফটোশপ ব্যবহার করে প্রণালির দাম বদলাতে পারে।” রসিকতা করে তিনি আরো বলেন, প্রণালি দিয়ে তেল ট্যাংকার নিরাপদে পারপার করার জন্য ওয়াশিংটনের এখন ‘ফটোশপের ওপরই ভরসা করা উচিত’।   


ওয়াশিংটন ও তেহরানের মধ্যে  চলমান তীব্র মনস্তাত্ত্বিক ও সামরিক উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটলো। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছিল, বাণিজ্যিক জাহাজের পথ থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে এবং মাইন হামলায় তেল ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার খবরকে ‘ভুয়া তথ্য’ বলে উড়িয়ে দিয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পও নতুন করে মাইন স্থাপনের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে ‘জিরো টলারেন্স নীতি’ ঘোষণার কথা জানিয়েছিলেন। 


তবে মাইন বসানোর সুনির্দিষ্ট অবস্থান নিয়ে ইচ্ছাকৃতভাবেই অস্পষ্টতা বজায় রেখেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব বিপজ্জনক মাইনক্ষেত্রের সঠিক মানচিত্র ও অবস্থান কেবল তাদের সশস্ত্র বাহিনীর কাছেই রয়েছে।


রাতের অভিযানে ঠিক কতটি নতুন মাইন মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। 


তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, রাইজিংবিডি