শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬

বলিভিয়ার সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

সোনার দেশ ডেস্ক ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন
বলিভিয়ার সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
বলিভিয়ার রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে শুক্রবার বিস্ফোরণ ঘটে। ছবি: রয়টার্স

বলিভিয়ার একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আতশবাজির সরঞ্জাম সংরক্ষণের কাজে ব্যবহৃত একটি এলাকায় বিস্ফোরণটি ঘটে।

রয়টার্স লিখেছে, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্মকর্তারা বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির মজুদ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়।


ভিয়াচার স্বাস্থ্য পরিচালক রিটা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে বলেন, ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং ৬২ জন আহত হয়েছেন।

তিনি বলেন, আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে গুরুতর দগ্ধ এক কন্যাশিশু রয়েছে।


পুলিশ জানিয়েছে, ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে জানালার কাচ ভেঙে যাওয়ারে কারণেই মূলত আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং আহতদের স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নিতে সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করা হয়েছে।


নেব্রাস্কা বলেন, ঘটনাস্থলে এখনো বিস্ফোরণের ঝুঁকি রয়েছে বলে দমকলকর্মীরা সতর্ক করেছেন।

তিনি বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন।


তথ্যসূত্র: বিডিনিউজ