এক ধাক্কায় বাতিল ১৩০০ ফ্লাইট!
ব্রিটেনের আকাশপথে হঠাৎ নেমে আসা এক মারাত্মক যান্ত্রিক বিপর্যয়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন লাখো যাত্রী। দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থায় বড় ধরনের গোলযোগ দেখা দেওয়ায় দেশজুড়ে প্রায় ১,৩০০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে, আর সময় পিছিয়ে দেওয়া হয়েছে আরও বহু ফ্লাইটের। লন্ডনের ব্যস্ততম হিথ্রো, গ্যাটউইক, স্ট্যানস্টেড থেকে শুরু করে ম্যানচেস্টার, বার্মিংহাম ও স্কটল্যান্ডের প্রধান বিমানবন্দরগুলোতে মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস) জানিয়েছে, তাদের ফ্লাইট প্রসেসিং সিস্টেমে হঠাৎ যান্ত্রিক বিভ্রাট দেখা দেওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে স্বাভাবিক বিমান চলাচল ব্যাপকভাবে সংকুচিত করতে হয়। স্বয়ংক্রিয় ব্যবস্থা কাজ না করায় নিয়ন্ত্রণকক্ষ থেকে একপর্যায়ে বিমান চলাচলের গতি মারাত্মক ধীর হয়ে পড়ে। যদিও কয়েক ঘণ্টার চেষ্টায় প্রকৌশলীরা ত্রুটি সারিয়ে তুলতে সক্ষম হয়েছেন এবং পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানানো হয়েছে, তবে এর জেরে তৈরি হওয়া জট পুরোপুরি কাটতে বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে।
এদিকে বিমানবন্দরগুলোতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঘণ্টার পর ঘণ্টা বিমানের ভেতরে কিংবা টার্মিনালে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে ব্রিটিশ এয়ারওয়েজ, ইজিজেট, রায়ানএয়ারের মতো শীর্ষ বিমান সংস্থাগুলোর বহু ফ্লাইট বাতিল বা ঘুরিয়ে দিতে হওয়ায় যাত্রীদের লাগেজ পেতে পর্যন্ত নাকাল হতে হচ্ছে। বিমান সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি ভেঙে পড়ায় ক্রু ও উড়োজাহাজ সঠিক জায়গায় পৌঁছাতে পারেনি, যার ফলে এই ধাক্কা ইউরোপের অন্যান্য রুটেও গিয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনা করে যাত্রীদের বাড়ি থেকে বের হওয়ার আগেই নিজেদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন