বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

অল্পের জন্য রক্ষা পেল জেলেনস্কির বিমান

সোনার দেশ ডেস্ক ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন
অল্পের জন্য রক্ষা পেল জেলেনস্কির বিমান
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমান।

নরওয়ের রাজধানী ওসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমান অল্পের জন্য ড্রোনের আঘাত থেকে রক্ষা পেয়েছে। মলদোভা থেকে উড্ডয়নের সময় বিমানটির কাছাকাছি একটি রুশ ড্রোন ছিল বলে জানিয়েছে দেশটির সরকার।


বুধবার (৯ সেপ্টেম্বর) নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্তোরে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।


পরে মলদোভা সরকারের একজন মুখপাত্রও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার জেলেনস্কির বিমান উড্ডয়নের আগেই ঘটনাটি ঘটে। ওই সময় একটি রুশ ড্রোন মলদোভার আকাশসীমায় প্রবেশ করেছিল।


ড্রোনের সতর্কতার কারণে আকাশসীমা বন্ধ থাকায় জেলেনস্কিকে বহনকারী বিমানটি নির্ধারিত সময়ের পরে উড্ডয়ন করে। ড্রোনটি মলদোভার ভূখণ্ডে ভেঙে পড়ার পর বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।


ওসলো সফরে জেলেনস্কি নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্তোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পাশাপাশি প্রতিরক্ষা খাতের নির্বাহীদের সঙ্গেও বৈঠকে অংশ নেন তিনি। এসব আলোচনায় ইউরোপের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘ফ্রেয়া’ জোরদার ও যৌথভাবে বাস্তবায়নের বিষয়টি উঠে আসে।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউরোপের আকাশ সুরক্ষিত রাখা সবার যৌথ দায়িত্ব। ‘ফ্রেয়া’ প্রকল্পের মাধ্যমে দ্রুত বাস্তব ফল পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।


এদিকে, একই দিনে ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা জানান, ইউক্রেন-মলদোভা সীমান্ত এবং দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।


তথ্যসূত্র: আল জাজিরা, বাংলানিউজ