হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিলেন ট্রাম্প
হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে টেক্সাসের ডালাসে এক রিপাবলিকান মধ্যবর্তী কনভেনশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র বিজয়ের পথে রয়েছে। তিনি বলেন, “ইরানের সঙ্গে যুদ্ধ জয়ের পরপরই তেলের দাম কমে যাবে। আমরা এটি জিতব।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা এটি জিতছি। আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করি। আমার মনে হয় আমাদের হরমুজ প্রণালির নাম দেওয়া উচিত, আমাদের এর নাম ট্রাম্প প্রণালি রাখা উচিত। আমারও তো এর থেকে কিছু পাওয়া উচিত। ট্রাম্প প্রণালি।”
তিনি বলেন, “উপস্থিত সবার উদ্দেশ্যে আমি একটি ঘোষণা দিতে যাচ্ছি- আমরা এর নাম ট্রাম্প প্রণালি রাখব এবং আমি নিশ্চিত যে ইরানের নেতৃত্ব এতে ভীষণ আনন্দিত হবে।”
ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, “ইরান ভেঙে পড়ছে। দেশটি গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যের মোড়ল হয়ে ছিল, আর এখন তারা সেই মোড়ল আর নেই।”
এ সময় তিনি তেহরানকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের যেকোনো নড়াচড়া সম্পর্কে অবগত রয়েছে। পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে দেশটির ‘পিকঅ্যাক্স পাহাড়কে’ লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সেখানে ঠিক ঘটছে আমরা তা জানি। আমি ইরানকে বুদ্ধিমান সাজতে বারণ করব, কারণ সেক্ষেত্রে আমাদের তাদের খুব কঠোরভাবে আঘাত করতে হবে। আমাদের তো কোনো বিকল্প নেই, তাই না? আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না। বিষয়টি খুব সহজ।”
উল্লেখ্য, হরমুজ প্রণালি পুনরায় চালু করার উদ্দেশ্যে গত জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও কৌশলগত এই নৌপথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, রাইজিংবিডি