মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

ফাকা রাস্তায় ইউপি চেয়ারম্যান কাজিমকে ধাক্কা মেরে পালিয়েছে প্রাইভেট কার

মোহনপুর প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন
ফাকা রাস্তায় ইউপি চেয়ারম্যান কাজিমকে ধাক্কা মেরে পালিয়েছে প্রাইভেট কার

রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়েছেন।


দুর্ঘটনায় তাঁর ডান হাত ও পায়ের বিভিন্ন স্থান ছিলে গিয়ে রক্তাক্ত জখম হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকার টেক্সটাইল মিলের বিপরীতে সিঙ্গার শোরুমের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।


আহত কাজিম উদ্দিন জানান, নগরীর শালবাগানের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ধীর গতিতে মোহনপুরে কলেজের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। টেক্সটাইল মিলের বিপরীতে সিঙ্গার শোরুমের সামনে সড়কে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মেরুন (লাল) রঙের প্রাইভেট কার তাঁকে অতিক্রম করার সময় পেছনের অংশ দিয়ে তাঁর মোটরসাইকেলের হ্যান্ডেলে সজোরে ধাক্কা দেয়।


এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বেশ কিছুটা দূরে গিয়ে রাস্তায় পড়েন। তাঁর ডান হাতের কনুই থেকে কবজি পর্যন্ত এবং ডান পায়ের বিভিন্ন স্থান ও পায়ের আঙুলের চামড়া ছিলে গিয়ে রক্তাক্ত জখম হয়।


কাজিম উদ্দিনের দাবি, প্রাইভেট কারটি আঁকাবাঁকা ও বেপরোয়া ভঙ্গিতে চলছিল। ধাক্কা দেওয়ার পর গাড়িটি না থেমে নওদাপাড়া আমচত্বরের দিকে দ্রুত চলে যায়।


তিনি বলেন, ‘রাস্তা তখন একেবারেই ফাঁকা ছিল। গাড়িটি আমার মোটরসাইকেলের হ্যান্ডেলে পেছনের অংশ দিয়ে ধাক্কা দেয়। বিষয়টি আমার কাছে স্বাভাবিক দুর্ঘটনা বলে মনে হয়নি। আমাকে লক্ষ্য করে ধাক্কা দেওয়া হয়ে থাকতে পারে বলে আমার ধারণা। বিষয়টি ভবিষ্যতের জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করব।’


তবে ঘটনাটি পরিকল্পিত কি না, তাৎক্ষণিকভাবে এর কোনো স্বতন্ত্র প্রমাণ পাওয়া যায়নি। প্রাইভেট কারটির নম্বরও জানাতে পারেননি কাজিম উদ্দিন।


দুর্ঘটনার পর মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম, ধুরইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দলিল লেখক মকলেসুর রহমানসহ কলেজের অন্যান্য শিক্ষকরা তাঁকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে পরীক্ষা করেন। শরীরে বড় ধরনের আঘাতের কোনো লক্ষণ না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে বিশ্রাম ও নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়।


বর্তমানে কাজিম উদ্দিন রাজশাহী নগরীর নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন। তাঁর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজনসহ বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন মহলের লোকজন তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।


অধ্যাপক কাজিম উদ্দিন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি দুইবার ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যাপক।


এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনার ঘটনায় শাহমখদুম থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি হয়নি বলে জানা গেছে। শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পর থানায় জিডি করবেন বলে জানিয়েছেন কাজিম উদ্দিন।