চিতার আগুনে মাংস রান্না! ভয়ংকর কাণ্ড উত্তরপ্রদেশে, গ্রেপ্তার ৩ যুবক
চিতার গনগনে আগুনের আঁচে পুড়ছে হাঁড়িভর্তি মাংস। বাবার চিতার দিকে তাকিয়ে এমনই দৃশ্য দেখে চমকে উঠলেন যুবক! এমনই আশ্চর্য ঘটনায় শোরগোল উত্তরপ্রদেশের শাহজাহানপুরে।
ঠিক কী ঘটেছিল? এক বর্ষীয়ান মানুষের দেহ ওই শ্মশানে আনা হয়েছিল। কাঠের চিতায় অগ্নিসংযোগের পরে পরিবারের সদস্যরা একত্রিত হন তাঁর বাড়িতে। এরপরই ওই ছেলেটি ফিরে আসেন শ্মশানে। কিন্তু সামান্য সময়েই যেন বদলে গিয়েছে দৃশ্যপট। ততক্ষণে চিতার আগুনে কারা যেন বসিয়ে দিয়েছে মাংসের হাঁড়ি। পরে তিনি বুঝতে পারেন ওই তিন যুবক সুরেন্দ্র, রাজেন্দ্র ও রামচরণ। তাঁদের মধ্যে সুরেন্দ্র একজন তান্ত্রিক। মনে করা হচ্ছে, তন্ত্রসাধনার অংশ হিসেবেই তিনি এই কাজ করছিলেন।
অভিযোগ, প্রতিবাদ করতেই মৃত ব্যক্তির ছেলেকে মারধর করতে থাকেন অভিযুক্তরা। কিন্তু ততক্ষণে সেখানে হাজির গ্রামের অনেকেই। শুরু হয়ে যায় গোলমাল। দ্রুত খবর যায় পুলিশে। তদন্তকারীরা গ্রেপ্তার করেন তিন অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, চিতায় মাংস রান্না করার সময় তিনজনই মাদকাচ্ছন্ন ছিলেন।
ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে একজন পুলিশ আধিকারিক বলেছেন, “নট্টপুর গ্রামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে, মাদকাচ্ছন্ন তিনজন ব্যক্তি তাঁর চিতায় মাংস রান্না করছিল। মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে, সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে।” ধৃত তিনজনকেই আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। কেন তাঁরা এমন কাজ করছিলেন তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন