বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ইরানি প্রতিনিধি দলকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

সোনার দেশ ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন
ইরানি প্রতিনিধি দলকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
সংগৃহীত ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন। ভিসা না পাওয়া সদস্যদের মধ্যে পেজেশকিয়ানের যোগাযোগ দলের কয়েকজন সদস্যও রয়েছেন।


সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে ভিসা না দেওয়া হয়েছে।


ইরানের ভাষায়, এটি যুক্তরাষ্ট্র সরকারের ‘নজিরবিহীন’ পদক্ষেপ।

ইরানি বার্তা সংস্থা মেহেরও প্রেসিডেন্টের মুখপাত্রের বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে পেজেশকিয়ানের।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে পেজেশকিয়ানই প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন।

এ কারণে তার এবারের নিউইয়র্ক সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


ভিসা না দেওয়ার ঘটনায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘তথ্য পাওয়ার অধিকার পদদলিত করার’ অভিযোগ তুলেছেন। সম্প্রতি হোয়াইট হাউসের সংবাদ পরিবেশন নিয়ে আপত্তির জেরে তিনটি বড় মার্কিন সংবাদমাধ্যমকে সেখানে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।


তবে পেজেশকিয়ানসহ ইরানের মূল প্রতিনিধিদলকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছে মার্কিন প্রশাসন। অবশ্য গত বছরের মতো এবারও তাদের চলাফেরা ও কেনাকাটায় কিছু বিধিনিষেধ থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানি প্রতিনিধিদলের সদস্যরা বিলাসপণ্যসহ নির্দিষ্ট কিছু পণ্য কিনতে পারবেন না। রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনেও প্রতিনিধিদলের ওপর ভ্রমণ ও কেনাকাটায় বিধিনিষেধের বিষয়টি উঠে এসেছে।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এরই মধ্যে প্রতিনিধিদলের সদস্য হিসেবে রোববার সন্ধ্যায় ইরান ছেড়েছেন। নিউইয়র্ক যাওয়ার পথে তিনি কাতারে যাত্রাবিরতি করবেন। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, পেজেশকিয়ান, আরাগচি এবং প্রয়োজনীয় সহযোগীদের নিয়ে সীমিত আকারের ইরানি প্রতিনিধিদল সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবে।


এদিকে হরমুজ প্রণালী নিয়েও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। ইরান জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় তারা যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহনের নৌপথ পুনরায় চালুর শর্ত জানিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন কার্যত বাধাগ্রস্ত হয়ে আছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে সমুদ্রপথে পরিবহন হওয়া জ্বালানির প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে যায়।


অন্যদিকে ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রও পালটা অবরোধ আরোপ করেছে। ফলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পেজেশকিয়ানের অংশগ্রহণের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি হলেও মাঠপর্যায়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড, বাংলানিউজ