আদানির মুখে ‘জয় বাংলা’
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ করছে ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। কলকাতার পার্শ্ববর্তী নিউ টাউনে দুই হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করবে গৌতম আদানির নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি। হাসপাতালের নাম দেওয়া হয়েছে ‘আদানি আরোগ্য মন্দির’। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউ টাউনে হাসপাতালটির ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠানে বক্তব্যের শেষে বাংলায় কথা বলেন গৌতম আদানি। তিনি বলেন, ‘বাংলা জাগবে, বাংলা এগোবে। বাংলার শক্তি ভারতের গতি।’ এরপর তিনি বলেন, ‘ধন্যবাদ, জয় বাংলা।’
২ হাজার শয্যার হাসপাতাল
নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাবে প্রায় ৫১ দশমিক ৭৫ একর জমির ওপর গড়ে উঠবে ‘আদানি আরোগ্য মন্দির’। প্রকল্পটিতে বিনিয়োগ হবে চার হাজার কোটি রুপির বেশি।
হাসপাতালটি অলাভজনক উদ্যোগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এর দুই হাজার শয্যার মধ্যে প্রায় এক হাজার শয্যা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য রাখার কথা জানিয়েছে আদানি গ্রুপ।
এসব রোগী রাজ্য ও কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
হাসপাতালের পাশাপাশি মেডিকেল কলেজ, গবেষণা কেন্দ্র ও অন্যান্য চিকিৎসা-শিক্ষা অবকাঠামোও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তথ্যসূত্র: জাগোনিউজ