অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি :
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক বৌদ্ধ বিহারে বুধবার অনুষ্ঠিত হলো রাজশাহী বিভাগীয় অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের বার্ষিক সম্মেলন। দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেন রাজশাহী, নওগাঁ, নাটোর, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সংগঠনের নেতাকর্মী ও থ্রাইভ প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা।
জয়পুরহাট জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সভাপতি দেওয়ান মোহাম্মদ বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী জেলা প্ল্যাটফর্মের সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা, নওগাঁর সভাপতি আজাদুল ইসলাম আজাদ এবং নাটোরের সভাপতি অ্যাডভোকেট ফারহানা পারভীন।এ ছাড়া বক্তব্য দেন ডাসকো থ্রাইভ প্রকল্পের ফোকাল পারসন মদন দাস, হেকস/ইপার–এর প্রতিনিধি পাপন কুমার সরকার এবং থ্রাইভ প্রকল্পের কর্মকর্তারা।
সম্মেলনে অংশগ্রহণকারীরা বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সেসব সমস্যার মূল কারণ চিহ্নিত করেন এবং করণীয় পরিকল্পনা প্রণয়ন করেন। নারী ও শিশুর অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ, তথ্যপ্রাপ্তি, সামাজিক নিরাপত্তা, স্থানীয় পর্যায়ের সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের জবাবদিহি এসব বিষয়ে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন।
আয়োজকেরা জানান, নাগরিক অধিকার, সেবাপ্রাপ্তি এবং সমাজের প্রান্তিক মানুষের সমস্যা সমাধানে স্থানীয় প্ল্যাটফর্মগুলোর ভূমিকা আরও শক্তিশালী করতে হবে।
রাজশাহী বিভাগীয় অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম, ডাসকো ফাউন্ডেশন এবং হেকস/ইপার যৌথভাবে এ আয়োজন করে।