সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ
সরকারি কেনাকাটা ও দরপত্র প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সব ধরনের সরকারি কাজ, সেবা ও পণ্য সরবরাহের নতুন ও চলমান দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত নতুন বা চলমান দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকবে।
তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
তথ্যসূত্র: বাংলানিউজ