রাজশাহীতে বারি মাসুর-৮ চাষ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করার আহ্বান
দেশে ডালের উৎপাদন বাড়ানো, কৃষকের আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি এবং পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে উন্নত জাতের মসুর ডালের চাষ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্য সামনে রেখে বারি মাসুর-৮ জাতের পরিচিতি বাড়ানো, কৃষক পর্যায়ে গ্রহণ যোগ্যতা তৈরি এবং মান সম্পন্ন বীজের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করাও এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য। এসব বিষয়ে কৃষি কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক বহু-অংশীজন কর্মশালা।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের হলরুমে ‘বারি মাসুর-৮ এর প্রচার বিষয়ক আঞ্চলিক বহু-অংশীজন কর্মশালা’ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি সরেজমিন উইংয়ের পরিচালক ওবাইদুর রহমান মন্ডল। তিনি বলেন, ‘উন্নত জাতের মসুর ডালের চাষ সম্প্রসারণে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
বারি মাসুর-৮-এর বৈশিষ্ট্য, চাষপদ্ধতি ও সম্ভাব্য সুফল সম্পর্কে কৃষকদের সঠিক তথ্য দিতে হবে। মানসম্পন্ন বীজের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ থাকলে এ জাতের চাষ সম্প্রসারণে ইতিবাচক অগ্রগতি সম্ভব।’ কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই উইংয়ের উপপরিচালক ড. মো. আবু জাফর আল মুনছুর। কর্মশালায় বারি মাসুর-৮-এর প্রচার কার্যক্রম, প্রকল্পের লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়।
পাশাপাশি প্রকল্প পরিচিতি ও ভিডিও প্রদর্শনী, বিভিন্ন উপজেলার কার্যক্রম উপস্থাপন এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কৃষক পর্যায়ে উন্নত জাতের ডাল ফসলের গ্রহণযোগ্যতা বাড়াতে মাঠপর্যায়ে প্রচার, প্রয়োজনীয় পরামর্শ এবং বীজ সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ, রাজশাহীর উপপরিচালক মোস্তাফা কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো. আতিকুল ইসলাম, নাটোরের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান এবং গেইনের কর্মকর্তা তাসফি সুলতানা।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপপরিচালক মোছা. সাবিনা বেগম। কর্মশালায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা অঞ্চলের কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা বারি মাসুর-৮-এর প্রচার জোরদার, কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং উৎপাদন ও বাজারজাতকরণের মধ্যে কার্যকর সংযোগ তৈরির বিষয়ে মতামত দেন।