একনজর প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে হাজারো মানুষ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে সকাল থেকেই ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে নারী-পুরুষ, শিশু ও দলীয় নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন সড়কের পাশে। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা; সবার চোখ সড়কের দিকে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
সরেজমিনে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে শাহ্ মখদুম বিমানবন্দরসংলগ্ন এলাকা, বায়া, ভুগরোইল, পবা উপজেলা পরিষদের সামনে, নওদাপাড়া আমচত্বরসহ রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিভিন্ন স্থানে মানুষের দীর্ঘ সারি দেখা যায়।প্রধানমন্ত্রীকে একনজর দেখার আশায় অনেকে আগেভাগেই সড়কের পাশে অবস্থান নেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রিয় নেতাকে দেখার প্রত্যাশায় অপেক্ষমাণ মানুষের মধ্যে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও আবেগ।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে বিশেষ সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে সড়কপথে রংপুরের ঐতিহাসিক ধর্মসভা ও কালিমন্দির পরিদর্শন শেষে রাজশাহীর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।
নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, “প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। তাঁকে একনজর দেখার জন্য সকাল থেকেই মানুষ সড়কের দু’পাশে অপেক্ষা করছেন। তাঁর আগমন রাজশাহীর মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।”
জেলা যুবদল নেতা ইফতেখারুল ইসলাম ডনি বলেন, “প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও আবেগের বিষয়। প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আশায় নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। তাঁর এই সফর রাজশাহীর মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করি।”
নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান বলেন, “প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। তাঁকে একনজর দেখতে সাধারণ মানুষের আগ্রহও আমাদের অনুপ্রাণিত করছে। রাজশাহীতে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের আবেগাপ্লুত করেছে।”
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিমানবন্দর থেকে জনসভাস্থল পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় রাজশাহী-নওগাঁ মহাসড়কজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।