চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, পুলিশ সুপারের কৃতজ্ঞতা
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সম্পন্ন হয়েছে। পূজাকে কেন্দ্র করে জেলার কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলার সব পূজামণ্ডপে সুশৃঙ্খল পরিবেশে পূজা উদ্যাপন সম্পন্ন হয়।
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরবি), আনসার-ভিডিপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ সুপার।
এ ছাড়া পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।