সিরাজগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষকের কলেজে কেউ পাস করেননি
চলতি বছরে বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা অর্জন করা মো. শরীফুল ইসলামের কলেজে এবছর এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
প্রাপ্ত ফলাফলে জানা যায়, অধ্যক্ষ শরীফুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠান সদর উপজেলার ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে কেউ পাস করতে পারেনি।
চলতি অক্টোবর মাসের ৫ তারিখে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে পুরস্কৃত হন অধ্যক্ষ শরীফুল ইসলাম। তিনি ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষের পাশাপাশি সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেকনোলজি (ঝওঞ) সিট নামে আরও একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
তার প্রতিষ্ঠান থেকে পাসের হার শুন্য হওয়ায় সিরাজগঞ্জের শিক্ষাঙ্গনে সমালোচনার ঝড় বইছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার জানান, এইচএসসি পরীক্ষায় সিরাজগঞ্জ জেলায় এ বছর পাসের হার ৩৭ দশমিক ৮৮ শতাংশ।
মোট পরীক্ষার্থী ২২ হাজার ৬৬৪, এর মধ্যে পাস করেছে ৮ হাজার ৫৮৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৩০১ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৪৬ দশমিক ২৬ বিপরীতে পুরুষ ২৯ দশমিক ৪১। জিপিএ-৫ পাওয়া পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ জন, নারীর সংখ্যা ২০১ জন।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন বলেন, যেসব প্রতিষ্ঠান পাসের হার শূন্য তাদের চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হবে।
তথ্যসূত্র: বাংলানিউজ