গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী মহানগরীর পবা থানাধীন কৈপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশি মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপির পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো: জয়নাল আবেদীন (৬৬), পবা থানার কৈপুকুরিয়া এলাকার মৃত হারেজের ছেলে এবং মো: বিচ্ছাদ আলী (২৯), একই এলাকার মো: আকসেদ আলীর ছেলে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে অফিসার ইনচার্জ মো. ফরহাদ আলীর সার্বিক তত্ত্বাবধানে এসআই প্রতাপ কুমার রায়ের নেতৃত্বে পবা থানা পুলিশের একটি টিম কৈপুকুরিয়া এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জয়নাল আবেদীনের নিজ বসতবাড়িতে গাঁজা ও বিদেশি মদ বিক্রি করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন পালানোর চেষ্টা করে। তবে পুলিশ সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরবর্তীতে বাড়িটি তল্লাশি চালিয়ে সর্বমোট ৪৪ গ্রাম গাঁজা এবং ৭৫০ মি.লি. বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।