নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
রাজশাহী মহানগরীর দামকুড়া, বেলপুকুর ও কাটাখালি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য রাখা ও সেবনের অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
৩১ অক্টোবর দামকুড়া থানা পুলিশ বেড়পাড়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে মো. বেলাল হোসেন (২৭)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে আদালতে নিজের অপরাধ স্বীকার করলে শুনানি শেষে তাকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ (এক) মাসের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
একই তারিখে বেলপুকুর থানা পুলিশ বড় ধাদাশ গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আব্দুল মজিদ আলীর ছেলে মোঃ আঃ মতিন (৪০)-কে ২০ (বিশ) গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। বিজ্ঞ আদালতে নিজের অপরাধ স্বীকার করলে শুনানি শেষে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
এছাড়াও, একই দিন কাটাখালি থানা পুলিশ হাজরাপকুর উত্তরপাড়া গ্রামের মো. ময়েন উদ্দীনের ছেলে মো. তামিম (২৩)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তামিমসহ একই গ্রামের মো. মোকসেদ আলীর ছেলে মো. হাসিবুল ইসলাম (২৮) এবং মিরকামারী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান অন্তর (২০)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে তারা নিজেদের অপরাধ স্বীকার করলে শুনানি শেষে প্রত্যেককে ২০ দিন সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন আদালত।