সোমবার, নভেম্বর ০২, ২০২৬

যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে গেলো দুর্বৃত্তরা

সোনার দেশ ডেস্ক ০২ নভেম্বর ২০২৬ ০২:২৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০২ নভেম্বর ২০২৬ ০২:২৪ অপরাহ্ন
যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে গেলো দুর্বৃত্তরা
কোতোয়ালি থানা ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

সোমবার (২ নভেম্বর) সকালে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।


রোববার রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাশে ফেলে রেখে যায় তারা বলে অভিযোগ রয়েছে।


সোমবার সকালে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানখেতে দেলোয়ারকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।


কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে তার আগেই পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি চেয়ারম্যান।


ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা মামুনুর রশিদ বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন