আহত পত্রিকা বিক্রেতার পাশে তানোর প্রেসক্লাব
রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবীণ ও জনপ্রিয় সংবাদপত্র বিক্রেতা বুলবুল মেম্বারের পাশে দাঁড়িয়েছে তানোর প্রেসক্লাব। সোমবার (২ নভেম্বর) বিকেলে তানোর প্রেসক্লাব কার্যালয়ে আহত বুলবুলের হাতে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
জানা গেছে, চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের বাসিন্দা ও সাবেক ওয়ার্ড মেম্বার বুলবুল কিছুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দীর্ঘদিনের এই পরিচিত সংবাদপত্র বিক্রেতা বর্তমানে কর্মহীন ও শয্যাশায়ী থাকায় তাঁর পরিবার সাময়িক আর্থিক সংকটে পড়ে। খবর পেয়ে তানোর প্রেসক্লাব পরিবার আহত বুলবুলের খোঁজখবর নেন খাদ্যসামগ্রী ক্লাবের পক্ষ থেকে উপহার দেন নেতৃবৃন্দ।
তানোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, বুলবুল মেম্বার তানোরের সংবাদ ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। তাঁর এই বিপদের দিনে পাশে দাঁড়ানো স্থানীয় গণমাধ্যমকর্মীদের নৈতিক দায়িত্ব। এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রনজু, সেক্রেটারী দোলোয়ার হোসেন সোহেল, ক্যাশিয়ার ইমরান হোসাইন ও অফিস সহায়ক সেতাউর রহমান প্রমুখ।