খুলনায় মুড়ির প্যাকেটে ‘বোমা’, বিস্ফোরণে জামায়াত নেতা আহত
খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে দুর্বৃত্তদের রাখা বোমা বিষ্ফোরণে জামায়াতে ইসলামীর নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে জামায়াত নেতার বসতঘরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এম এম মনিরুল ইসলাম ফজরের নামাজ পরে বাসায় ফেরেন। এ সময় ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান। কেউ ভুল করে বাইরে রেখেছেন এমনটি ভেবে প্যাকেটটি ঘরের ভিতরে নিয়ে যান তিনি।
মুড়ির প্যাকেটটি ঘরের ভেতর ফ্লোরে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে জামায়াত নেতা মনিরের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরে থাকা আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।”
তথ্যসূত্র: রাইজিংবিডি