রাবিতে ৬৭ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড, সম্মাননা পেলেন ৬ শিক্ষক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজনেস স্টাডিজ অনুষদের বিবিএ ও এমবিএ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় ৬৭ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে বিবিএর ২৮ জন এবং এমবিএর ৩৯ জন শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া তিনটি ক্যাটাগরিতে অনুষদের ছয় শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত বিবিএ শিক্ষার্থীদের মধ্যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চারজন, ম্যানেজমেন্ট বিভাগের তিনজন, মার্কেটিং বিভাগের ১৪ জন, ফাইন্যান্স বিভাগের একজন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ছয়জন রয়েছেন। মার্কেটিং বিভাগের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ২০২২ শিক্ষাবর্ষের চারজন, ২০২৩ শিক্ষাবর্ষের ছয়জন এবং ২০২৪ শিক্ষাবর্ষের চারজন।
অন্যদিকে এমবিএতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নয়জন, ম্যানেজমেন্ট বিভাগের ছয়জন, মার্কেটিং বিভাগের ১৩ জন, ফাইন্যান্স বিভাগের একজন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সাতজন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের পাঁচজন এ পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠানে নিজের অনুভূতি জানিয়ে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই অর্জনের পেছনে নানা টানাপোড়েন, হতাশা, গল্প ও ত্যাগের ঘটনা রয়েছে। আমি অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে এসেছি, যেখানে ২০০৮ সালে বিদ্যুৎ পৌঁছেছে। এখনো শিক্ষা, বিদ্যুৎ ও অবকাঠামোগত বিভিন্ন দিক থেকে এলাকাটি পিছিয়ে। সেখান থেকে এখানে আসা এবং এই পর্যায়ে পৌঁছানো আমার জন্য সত্যিই অনেক চ্যালেঞ্জিং ছিল।’
তিনি আরও বলেন, ‘আমার বাবা-মা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন, কিন্তু শিক্ষার বিষয়ে তাঁদের উৎসাহ ছিল অসীম। আমি তাঁদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকের এই সম্মান তাঁদের সন্তান হিসেবে আমার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ উন্নয়ন, সেশনজট কমানো এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসন কাজ করছে। গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা ও প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন, চিকিৎসাসেবা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এ পুরস্কার শুধু একাডেমিক অর্জনের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যৎ জীবন ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, ‘দীর্ঘ চার-পাঁচ বছরের অধ্যবসায় ও মেধার স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীরা আজ ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। এ পুরস্কার তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কর্মজীবনে তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তাঁদের কর্ম ও সাফল্যের ওপর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নির্ভর করবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চাই।’
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম ক্যাম্পাস রিপোর্টকে বলেন, এ পুরস্কার শুধু সম্মাননা নয়, বরং শিক্ষার্থীদের জন্য বড় দায়িত্বও। পরিবারের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল থেকে তাঁদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে যেখানেই থাকুন না কেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিজনেস স্টাডিজ অনুষদের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।
তিনি আরও বলেন, বিজনেস স্টাডিজ অনুষদে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের জন্যও ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। ভবিষ্যতে প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পুরস্কার প্রদানের প্রক্রিয়ায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে উল্লেখ করে ভবিষ্যতে আরও স্বচ্ছ ও নির্ভুলভাবে এ কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন উপাচার্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক ড. মুরশিদা ফেরদৌস বিনতে হাবিব।