বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

বগুড়ায় বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় বিস্কুট ফ্যাক্টরিকে অর্থদণ্ড

বগুড়া প্রতিনিধি ০৩ নভেম্বর ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ০৩ নভেম্বর ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
বগুড়ায় বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় বিস্কুট ফ্যাক্টরিকে অর্থদণ্ড

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় বৈকালি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ( ০৩ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে  এই   অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেরুয়া এলাকার ওই বেকারিতে আকস্মিক অভিযান চালানো হয়। অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারির বিভিন্ন খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছিল। এমনকি খাদ্যপণ্যের উৎপাদন প্রক্রিয়ার মধ্যে তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া কোনো ধরনের বৈধ অনুমোদন বা বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই নকল মোড়কে এসব খাদ্যসামগ্রী বাজারজাত করার উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছিল।


নিয়মবহির্ভূতভাবে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ প্রসঙ্গে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, সাধারণ ভোক্তাদের নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর এ ধরনের অনিয়ম ও ভেজাল প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন অভিযান ও তদারকি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।