বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬

মোহনপুর থানার নবাগত ওসি আতিকুর রহমান

মোহনপুর প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ১০:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ১০:০১ অপরাহ্ন
মোহনপুর থানার নবাগত ওসি আতিকুর রহমান

মোহনপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আতিকুর রহমান। 


বুধবার (৪ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভায় অংশ নেন তিনি।


গত ১ নভেম্বর ২০২৬ তারিখে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মামুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে মোহনপুর থানায় বদলি করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ আতিকুর রহমান পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রথমে ময়মনসিংহ জেলায় যোগদানের মধ্য দিয়ে তাঁর পুলিশি চাকরির যাত্রা শুরু হয়। এরপর দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। কর্মজীবনে পাবনা ও নাটোর জেলায় দায়িত্ব পালনের পাশাপাশি রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ নাটোর জেলায় কর্মরত ছিলেন। সেখান থেকে রাজশাহী জেলায় বদলি হয়ে তিনি মোহনপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন।


নতুন ওসির যোগদানকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের পুলিশি সেবা সহজ করার প্রত্যাশা তৈরি হয়েছে।


মোহনপুর থানার নতুন ওসির কাছে স্থানীয়দের প্রত্যাশা, এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর অপরাধসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবেন তিনি। বিশেষ করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি বৃদ্ধি এবং রাতের নিরাপত্তা জোরদার করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করছেন স্থানীয়রা।


পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন হয়রানি, অনিয়ম কিংবা দালালের শিকার না হন, সে বিষয়েও নতুন ওসির কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন সচেতন মহল।


মোহনপুর থানার নতুন অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, ‘পুলিশ জনগণের সেবক। সাধারণ মানুষ যেন থানায় এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করার চেষ্টা করব। সবার জন্য থানার দরজা খোলা থাকবে। কোনো ভুক্তভোগী যেন ন্যায়বিচার ও আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।


মোহনপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, অপরাধ দমন এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চাই। অপরাধী যে-ই হোক, অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।


তিনি আরও বলেন, এলাকার শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশ একা সবকিছু করতে পারে না। এজন্য জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। কোনো অপরাধ, মাদক ব্যবসা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে নির্ভয়ে পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি। জনগণের সহযোগিতা নিয়ে একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত মোহনপুর গড়ে তুলতে চাই।’


নতুন ওসির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মোহনপুর থানার পুলিশি কার্যক্রমে আরও জনবান্ধব পরিবেশ তৈরি হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি আসবে-এমন প্রত্যাশা স্থানীয়দের।