বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬

আত্রাই নদীতে বালু উত্তোলনের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা

আত্রাই প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ১০:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
আত্রাই নদীতে বালু উত্তোলনের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়।


মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার বেওলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমান।


অভিযান সূত্রে জানা যায়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকায় উপজেলার ভর-তেঁতুলিয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে পাপ্পুকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়।


অভিযানে আহসানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাসেল হোসাইনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।