নাটোরে সারের জন্য কৃষকের দীর্ঘ লাইন, ক্ষোভ
নাটোরের নলডাঙ্গায় সারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার পাচ্ছেন না কৃষকরা। এর মধ্যে টোকেন নিয়ে লাইনের বাইরে থেকে সার বিতরণ এবং প্রয়োজনের তুলনায় বেশি সার নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার মাধনগন বাজারে সার ডিলারের দোকানে সার নিতে কৃষকদের দীর্ঘ লাইন দেখা যায়। স্থানীয় কৃষকদের অভিযোগ, বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা বেড়েছে। কিন্তু ডিলারের দোকানে পর্যাপ্ত সার না থাকায় ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও অনেকে সার পাচ্ছেন না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও খালি হাতে ফিরতে হচ্ছে তাঁদের। এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ।
কৃষকদের অভিযোগ, টোকেন নিয়েও অনেকে কাঙ্ক্ষিত পরিমাণ সার পাচ্ছেন না। অথচ কেউ কেউ লাইনের বাইরে থেকে সার সংগ্রহ করছেন। আবার চাষাবাদ না করেও কেউ কেউ ভ্যানভর্তি সার নিয়ে যাচ্ছেন। প্রকৃত কৃষকেরা সার না পেয়ে ফিরে যাচ্ছেন। তাঁদের দাবি, সুষ্ঠু তদারকির মাধ্যমে প্রকৃত কৃষকের চাহিদা অনুযায়ী সার বিতরণ নিশ্চিত করতে হবে।
এদিকে সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে অপ্রীতিকর ঘটনা এড়াতে নলডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ পরিস্থিতি শান্ত করে এবং সুশৃঙ্খলভাবে সার বিতরণ নিশ্চিত করার চেষ্টা চালায়।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, সারের কোনো সংকট নেই। ডিলাররা যাতে নিয়ম মেনে কৃষকদের মধ্যে সার বিতরণ করেন, সে জন্য তদারকি জোরদার করা হয়েছে। কৃষকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় সার সরবরাহ করা হবে বলেও জানান তিনি।