বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে মহিলা পরিষদের সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক ০৪ নভেম্বর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৪ নভেম্বর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে মহিলা পরিষদের সচেতনতামূলক সভা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখা।


বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী নগরের রানীবাজার মুন্সিডাঙ্গা এলাকার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের মাঠে আয়োজিত এক আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।


সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুনের সঞ্চালনায় বক্তব্য দেন লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, কার্যকরী কমিটির সদস্য তাহেরা খাতুন, কৃষ্ণা সরকার ও প্রভাতী সরকারসহ অন্যরা।


বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। তিন দিনের বেশি জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, কনটেইনারসহ যেসব স্থানে পানি জমে, সেগুলো প্রতি তিন দিন পরপর পরিষ্কার করতে হবে।


তাঁরা আরও বলেন, দিনে ও রাতে বিশ্রাম কিংবা ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। গর্ভবতী মা, নবজাতক, শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিতে হবে। জ্বরসহ ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হলে পর্যাপ্ত পানি ও তরলজাতীয় খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার ওপরও গুরুত্ব দেন তাঁরা।


সভাপতির বক্তব্যে কল্পনা রায় বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। জ্বরসহ ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।