শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬

বড়পুকুরিয়ার মতো বঞ্চনা নয়, ক্ষতিপূরণ নিশ্চিত করে কয়লা উত্তোলনের দাবি

সোনার দেশ ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ১০:১১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ১০:১১ অপরাহ্ন
বড়পুকুরিয়ার মতো বঞ্চনা নয়, ক্ষতিপূরণ নিশ্চিত করে কয়লা উত্তোলনের দাবি
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে খনির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টায় পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম চার রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


‘ফুলবাড়ী কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।


জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোকে ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।


কর্মসূচিতে বক্তব্য দেন মো. জাকারিয়া নয়ন। তিনি ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।


তিনি বলেন, ইতঃপূর্বে বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছেন। ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়ন করা হলে যেন একই পরিস্থিতির সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে হবে। খনির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।


তিনি আরও বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম এলাকায় ফুলবাড়ী কয়লা খনির মুখ রয়েছে। সেখান থেকে কয়লা উত্তোলন শুরু করতে হবে। দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অর্থনৈতিক মুক্তির জন্য ফুলবাড়ী কয়লা খনি থেকে কয়লা উত্তোলন জরুরি। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ ও উন্নত মানের কয়লা খনি। এ খনি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।


এ সময় ফুলবাড়ী ও বড়পুকুরিয়া কয়লা খনি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দেন মো. আব্দুল কাদের, মো. আব্দুল আজিজ ও মো. বিপ্লব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


তথ্যসূত্র: জাগোনিউজ