শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

সোনার দেশ ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ১০:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ১০:১০ অপরাহ্ন
বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের পিকআপ ভ্যান। এ ঘটনায় চার নারীকে আটক করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া আসামি গোলাম কবির সুমন পলাতক রয়েছেন।


শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার সকালে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ে তাকে গ্রেপ্তার করতে ওই গ্রামে যান।


পরে পুলিশ সদস্যরা সুমনকে আটক করে পিকআপ ভ্যানে তোলার সময় স্থানীয় একদল লোক তাদের ওপর হামলা চালান। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর করে সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করেন।


খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোনাতলা থানায় মামলা করেছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করা হয়। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


শুক্রবার সন্ধ্যায় সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে থানার একটি দল গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করতে ফুলবাড়িয়া এলাকায় যায়। তাকে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেন। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর এবং পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।


ওসি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র: ঢাকাপোস্ট