রাজশাহীতে সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষায় পুলিশের সঙ্গে আলোচনা
রাজশাহীতে সহিংসতা প্রতিরোধ, যৌনকর্মীদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষা এবং সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর নিমতলায় আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটির আয়োজনে ‘মামা ক্যাশ-এসডব্লিউএন’ প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়।
আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুইটি ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দা শামসুন্নাহার মুক্তি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ, গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শিউলি খানম, পবা থানার এসআই লাকি আক্তার এবং নিষ্কৃতি ফাউন্ডেশনের সভাপতি এভারেস্ট হেম্ব্রম। এ ছাড়া সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় সহিংসতা প্রতিরোধ, যৌনকর্মীদের নিরাপত্তা ও অধিকার রক্ষা, সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা এবং পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বক্তারা নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও বেসরকারি সংগঠনগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, তথ্য বিনিময় এবং সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন।
সভা সঞ্চালনা করেন আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার সমন্বয়ক এনামুল হক।