সন্ত্রাসবিরোধী মামলায় দুর্গাপুরে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে সম্পৃক্ততার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পানানগর ও কিশোরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদম আলী (৫৫) এবং ছাত্রলীগের কর্মী তাকবির ইসলাম (২২)। আদম আলী পানানগর পূর্বপাড়া গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে। তাকবির কিশোরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন সন্ত্রাসবিরোধী আইনে দুর্গাপুর থানায় একটি মামলা হয়। মামলাটির তদন্তে আদম আলী ও তাকবির ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। কেউ নাশকতার পরিকল্পনা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।