উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বরেন্দ্র কলেজে নবীনদের বরণ

নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে রাজশাহীর ইতিহাস-ঐতিহ্যের ধারক বরেন্দ্র কলেজের নবাগত শিক্ষার্থীদের। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে তৈরি হয় এক রঙিন উৎসবের আবহ।
নবীনদের পদচারণায় সরগরম হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। কেউ এসেছিলেন সাজুগুজু করে, কেউবা এসেছে কলেজের পোশাকে—তবে সবার মাঝে ছিল নতুন পথচলা শুরু করার উচ্ছ্বাস, প্রাণোচ্ছ্বল হাসি-আনন্দ আর আড্ডার উল্লাস। শিক্ষার্থীদের এই আনন্দে শরিক হন কলেজের শিক্ষক-শিক্ষিকারাও।
বরেন্দ্র কলেজের প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাবলু। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,“তোমরা এখান থেকে একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও সহ-কারিকুলাম কার্যক্রমে দক্ষতা বাড়িয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। তিনি শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে নিজেকে আলোর পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশ গঠনে তোমরাই আগামী দিনের নেতৃত্ব। তাই সুনাগরিক হয়ে ওঠার অভ্যাস এখন থেকেই গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর ড. ইফতিখারুল আলম মাউসদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাজ্জাদ তার অভিজ্ঞতা জানিয়ে বলেন,“বরেন্দ্র কলেজে এটি আমার প্রথম দিন। ফুল দিয়ে বরণ করা হবে-এটা কখনো ভাবিনি। এমন উচ্ছ্বাসময় আয়োজন আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আশা করি এখানকার পরিবেশ আমার শিক্ষাজীবন আরও উপভোগ্য করে তুলবে।”
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইফফাত জাহান মায়া বলেন,“গত বছর আমরাও এমন আয়োজনে নবীন হিসেবে সম্মান পেয়েছি। এবার আমরা আমাদের জুনিয়রদের বরণ করতে পেরে দারুণ আনন্দিত। বরেন্দ্র কলেজ শুধু পাঠদানেই নয়, মূল্যবোধ ও নৈতিকতার দিক থেকেও শিক্ষার্থীদের তৈরি করে—এটাই এই প্রতিষ্ঠানের বিশেষত্ব।”
কলেজের শরীরচর্চা শিক্ষক মো. মামুন-উর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীনবরণ অনুষ্ঠানের আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইফফাত আরা রাকা। তিনি বলেন,“জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে নিয়মিততা ও অনুশীলনের বিকল্প নেই।”এ
ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মোহা. আনয়ারুস সাদাত এবং ভর্তি কমিটির আহ্বায়ক গোলাম মুর্তজা। এছাড়াও মানপত্র পাঠ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহারিয়ার। পুরো অনুষ্ঠানজুড়ে আনন্দ, উচ্ছ্বাস, উৎসব এবং নবীনদের স্বপ্নমাখা চোখ মিলিয়ে বরেন্দ্র কলেজ ক্যাম্পাসে দিনটি হয়ে ওঠে এক স্মরণীয় মুহূর্ত।