বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

মৃত্যুফাঁদ জাতীয় মহাসড়ক-৬

দুর্ঘটনা ঘটছে প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক ০৯ নভেম্বর ২০২৬ ১১:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৯ নভেম্বর ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
মৃত্যুফাঁদ জাতীয় মহাসড়ক-৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বন্দর থেকে শুরু হয়ে পাবনার কাশিনাথপুর পর্যন্ত প্রায় দেড়শ কিলোমিটারকে জাতীয় মহাসড়ক-৬ ধরা হয়। তবে এই মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মাঝেমধ্যে এই সড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে প্রাণহানিও ঘটছে। 


গেল ২০ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনাটি মহাসড়কে নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে। সাম্প্রতিক গবেষণায় বড়াইগ্রামকে এই করিডোরের সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। 


গবেষণায় দেখা গেছে, অপর্যাপ্ত সড়ক নিরাপত্তা অবকাঠামো এবং মহাসড়কের যানবাহনের সঙ্গে রাস্তার পাশে গড়ে ওঠা বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এখানে বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।


‘জার্নাল অফ আরবান ম্যানেজমেন্ট’-এর সেপ্টেম্বর-২০২৬ সংখ্যায় প্রকাশিত এই গবেষণায় দেখা যায় যে, দুর্ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে না ঘটে বরং নির্দিষ্ট কিছু স্থানে কেন্দ্রীভূত হয়ে থাকে। গবেষণার বিশ্লেষণে ২০২৩ ও ২০২৪ সালের পুলিশি নথিতে থাকা দুর্ঘটনার তথ্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে; ফলে ২০ অক্টোবরের দুর্ঘটনাটি এই ডেটাসেটের অন্তর্ভুক্ত নয়।


‘মাল্টিভ্যারিয়েট জিওস্পেশিয়াল অ্যানালাইসিস অফ রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ: আ কেস স্টাডি অন দ্য খুলনা-রাজশাহী করিডোর’ (বাংলাদেশে সড়ক দুর্ঘটনার মাল্টিভ্যারিয়েট ভূ-স্থানিক বিশ্লেষণ: খুলনা-রাজশাহী করিডোরের একটি কেস স্টাডি) শীর্ষক এই গবেষণাটি পরিচালনা করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।


গবেষকরা হাইওয়ে পুলিশ সদর দপ্তর, স্থানীয় থানা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং স্থানীয় সংবাদমাধ্যম থেকে দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছেন। এছাড়া, তারা ২০৮ জন ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীর ওপর জরিপ চালিয়েছেন এবং স্যাটেলাইট চিত্র ও জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) টুল ব্যবহার করে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে হটস্পট শনাক্ত করার পাশাপাশি ভূমির ব্যবহারের ধরনও পরীক্ষা করেছেন।


গবেষণার ফলাফলে দেখা যায়, অতিরিক্ত গতি দুর্ঘটনার প্রধান কারণ, যা মোট দুর্ঘটনার ২৮.৩ শতাংশের জন্য দায়ী। এছাড়াও সড়ক নিরাপত্তা সচেতনতার অভাব ১৩.৮ শতাংশ, গাড়ি চালানোর জ্ঞানের অভাব ১৩ শতাংশ, ওভারটেকিং ১১.১ শতাংশ এবং চালকের তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর কারণে ১০.৪ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।


বড়াইগ্রাম উপজেলা, ফুলতলা বাস স্ট্যান্ড মসজিদ এলাকা, অভয়নগর উপজেলা পরিষদ, আফিলগেট বাইপাস বাস স্ট্যান্ড, চূড়ামনকাঠি, ফুলবাড়ি মোড় এবং পুঠিয়া এলাকায় দুর্ঘটনার বড় কেন্দ্রগুলো (ক্লাস্টার) শনাক্ত করা হয়েছে। গবেষণাকালীন সময়ে কিছু শহুরে হটস্পটে দুর্ঘটনার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৩০ থেকে ৩৫টি ঘটনায় পৌঁছেছিল


বেশি দুর্ঘটনা ঘটে এমন ১০০টি স্থান মূল্যায়নের ক্ষেত্রে, বড়াইগ্রাম ৮২ স্কোর নিয়ে ‘সিভিয়ারিটি ইনডেক্স’ বা তীব্রতা সূচকে শীর্ষে রয়েছে। এরপরই রয়েছে ঝিনাইদহের কালিগঞ্জ (৭৮ স্কোর), মুরাদনগর (৭০ স্কোর) এবং বড়বাজার (৭০ স্কোর)। পুঠিয়া ৫৮ স্কোর নিয়ে ১১তম অবস্থানে রয়েছে।


মূল্যায়নে সড়ক নিরাপত্তা অবকাঠামোর ক্ষেত্রে বড় ধরনের ঘাটতিও ধরা পড়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, ১০০টি স্থানের কোনোটিতেই ট্রাফিক সিগন্যাল ছিল না; এছাড়া অনেক জায়গায় স্পিড ব্রেকার ও রাস্তার বাতিরও অভাব রয়েছে।


৭৭ জন মোটরসাইকেল আরোহী, ৬৭ জন পথচারী এবং ৬৪ জন সাইকেল আরোহীর ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ৩৫ শতাংশ অংশগ্রহণকারী অবকাঠামোর মানকে ‘খারাপ’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, ৫৩ শতাংশ জানিয়েছেন যে, তারা এই সড়কপথটি ব্যবহারের সময় নিজেদের নিরাপদ মনে করেন। জরিপভুক্ত মোটরসাইকেল আরোহীদের ৬৫ শতাংশেরই রাস্তার ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত সচেতনতা নেই।


সড়কে অরক্ষিত ব্যবহারকারীদের (যেমন পথচারি, সাইকেল আরোহী) সঙ্গে ঘটা দুর্ঘটনার প্রায় ৪৫ শতাংশই ঘটেছে মিশ্র ব্যবহারের এলাকায়—বিশেষ করে বাজার বা বড় মোড়গুলোর কাছাকাছি, যেখানে বাণিজ্যিক কার্যক্রম মহাসড়কের জায়গাকে দখল করে নিয়েছে।


গবেষণাটির লেখক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফুজ্জামান প্রামাণিক জানান, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেশি ছিল। এই দুই বিভাগে প্রতি ১০০টি দুর্ঘটনায় যথাক্রমে প্রায় ৯৯ জনের মৃত্যু হয়েছে।


তিনি বলেন, এই গবেষণায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করার পাশাপাশি, ভূমির ব্যবহার পদ্ধতি  ও রাস্তার পাশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম কীভাবে দুর্ঘটনার ওপর প্রভাব ফেলে, তা খতিয়ে দেখা হয়েছে। এছাড়া, সড়কে অরক্ষিত ব্যবহারকারীদের অভিজ্ঞতার বিষয়টিও মূল্যায়ন করা হয়েছে।


তিনি বলেন, তীব্রতা সূচকে ৮২ স্কোর নিয়ে বড়াইগ্রাম সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। দ্রুতগামী দূরপাল্লার যানবাহনগুলো প্রায়শই স্থানীয় বাজার ও বসতিগুলোর সঙ্গে সংঘর্ষের ঝুঁকিতে পড়ে; অথচ সেখানে রাম্বল স্ট্রিপ, স্পিড ব্রেকার বা সতর্কতামূলক চিহ্নের মতো মৌলিক নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে।


গবেষণায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে স্পিড বাম্প, রাম্বল স্ট্রিপ ও আগাম সতর্কতামূলক চিহ্ন বসানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, ব্যস্ত বাজারের কাছাকাছি পথচারিদের জন্য ওভারপাস বা সিগন্যালযুক্ত পারাপারের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, আলাদা ফুটপাত ও সাইকেল লেন তৈরি, বাস স্টপ ও মোড়গুলোতে সড়কবাতি স্থাপন এবং বিপজ্জনক ওভারটেকিং রোধে রাস্তার মাঝে মিডিয়ান (বিভাজক) নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।


গবেষকরা আবাসিক ও বাণিজ্যিক এলাকার ২০০ মিটারের মধ্যে গাড়ির গতিসীমা ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং স্কুল সংলগ্ন নিরাপত্তা এলাকায় ব্যস্ত সময়ে গতিসীমা ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারণের পরামর্শ দিয়েছেন। তাদের প্রাক্কলন অনুযায়ী, প্রস্তাবিত এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা গেলে বার্ষিক দুর্ঘটনার হার ২৫ থেকে ৩০ শতাংশ কমিয়ে আনা সম্ভব।


সড়ক ও জনপথ অধিদপ্তরের (আরএইচডি) রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, রাস্তায় বিভাজক না থাকা এবং চার লেনের সুবিধা না থাকার কারণে অনেক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে মুখোমুখি সংঘর্ষের ঘটনাগুলো বেশি ঘটছে।


তিনি বলেন, জাতীয় মহাসড়কগুলোকে পর্যায়ক্রমে চার লেনের সড়কে উন্নীত করার পরিকল্পনা রয়েছে অধিদপ্তরের, যার উভয় পাশে সার্ভিস লেন থাকবে। যদি চার লেনের সড়ক ও মিডিয়ান নির্মাণ করা যায়, তবে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।