মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেবো না, আমি কি ভেসে এসেছি: আমির হামজা

সোনার দেশ ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেবো না, আমি কি ভেসে এসেছি: আমির হামজা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন ও কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইনকে কুষ্টিয়ায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা।


৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া বাবা-মায়ের দোয়া মাদরাসা ও এতিমখানায় অনুষ্ঠিত ইসলামি মাহফিলে আমির হামজা এই ঘোষণা দেন।


এসময় তিনি শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের অভিযোগে এমন বিতর্কিত বক্তব্য রাখেন। এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমির হামজার বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


আজহারুল ইসলাম নামে একজনের ফেসবুক আইডি থেকে এমপি আমির হামজার ভিডিওটি পোস্ট করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমপি আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আজ রাতে আমার আরেক মাহফিল ছিল, বন্ধ করে দিয়েছে বিকেল বেলা। বলছে, না, ওনারে (আমির হামজা) আসতে দেওয়া যাবে না। যতটুকু এদিক ওদিক আছে, সব ফাঁস করে দেবে। ফাঁস আমি এমনিতেও করবো। কালকের দিন পরে সংসদ বসবে, সব বলে দেবো। নাম ধরে ধরে বলব।’


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইনকে উদ্দেশ্য করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ‘এই ময়মনসিংহের যে মন্ত্রী, কি যেন নাম? ইকবাল সাহেব, উনি আজকে মাহফিল বন্ধ করে দিয়েছেন প্রশাসনকে বলে। প্রশাসনের কোনো দোষ নেই। উনিও এমপি, আমিও এমপি। আপনার যদি আসার অধিকার থাকে সারা বাংলাদেশে, আমারও অধিকার আছে।’


তিনি আরও বলেন, ‘আপনি যদি বিএনপি করেন, দোষ না হয়। তাহলে আমি জামায়াত ইসলাম করলে দোষ হবে কেন, কোন কারণে? ভণ্ডামি করার জায়গা পান না? আমি যদি জামায়াত করতে না পারি, আপনি বিএনপি করতে পারবেন না। আপনি রাজনীতি করবেন আর আমি করব না, আমি কি ভেসে এসেছি? পরশুদিন সংসদ শুরু হবে। দেখেন কী করি, সব বলব। এই সংসদ আমরা মানি না। এই সংসদে থেকে কী করব?’


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আপনি আমাকে বৈধ জায়গায় যেতে দেবেন না, ক্ষমতা খাটাবেন। আপনি কুষ্টিয়া যান তো দেখি, আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেবো না।’


ওয়াজ মাহফিল বন্ধের বিষয়ে এমপি আমির হামজা বলেন, ‘আপনি যদি ১৫ দিন আগে মানা করে দিতেন, তাহলে তাদের এই দুই তিন লাখ টাকা খরচ হতো না। এটা (এম ইকবাল হোসেইন) মনে হচ্ছে আবু জেহেলের চেয়েও খারাপ। আবু জেহেলও এত খারাপ ছিল না। আবু জেহেল কোরআন শুনতে বাধা দিত, কিন্তু চুরি করে শুনত। আর এরা শুনেও না, শুনতেও দেয় না। আবু জেহেলকেতো দেখিনি। আমার মনে হয় যদি দেখতাম, তো ওই রকমই হতো। এখন আবার যেন মনে না করে, যে আমারে আবু জেহেল বলছে। আবু জেহেলের মতো কাজ করলেতো আবু জেহেল বলবোই।’


এদিকে আমির হামজার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরদিন ৮ নভেম্বর রাতে ময়মনসিংহের শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজক কমিটি এমপির বক্তব্য মিথ্যা অভিযোগ করে নিন্দা ও প্রতিবাদ জানান। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইনকে জড়িয়ে মাহফিল বন্ধের মিথ্যা অভিযোগে বক্তব্য দেওয়ার ঘটনায় এই প্রতিবাদ জানানো হয়। 


এর আগে সন্ধ্যায় জেলার শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিল স্থগিতের বিষয় সংক্রান্ত একটি বিফ্রিং অনুষ্ঠিত হয়।  


ব্রিফিংয়ে মাহফিল আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ মো. সোহেল রানা তার লিখিত বক্তব্যে বলেন,‘শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার সাবেক ছাত্রদের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন মাহফিলটি গত ৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত মাহফিল বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তে ওয়াজ মাহফিল সাময়িকভাবে গত ১ নভেম্বর স্থগিত করা হয়। মাহফিলের পরবর্তী তারিখ সিদ্ধান্তক্রমে জানিয়ে দেওয়া হবে।’


শ্যামগঞ্জ বাজারে আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা বলেন, মাহফিল স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য কিংবা বিএনপির কোনো নেতৃবৃন্দের কোনো সম্পৃক্ততা নেই। মাহফিল বাস্তবায়ন কমিটির নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। গত ১ নভেম্বর মাহফিল বাস্তবায়ন কমিটির সভায় অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ২ নভেম্বর লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং এরপর প্রধান আলোচকের (মুফতি আমির হামজা) পিএসকে মাহফিল স্থগিতের বিষয়টি অবহিত করা হয়। 


মাহফিল স্থগিতের বিষয়টি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা। মাহফিলের পরবর্তী তারিখ যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবেও জানান আয়োজক কমিটি।

আয়োজক কমিটি আরও জানায়, স্থগিত হওয়া মাহফিলের আমন্ত্রিত প্রধান আলোচক (মুফতি আমির হামজা) গৌরীপুরের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে জড়িয়ে মাহফিল বন্ধের অভিযোগ তুলে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। তিনি (আমির হামজা) কারো দ্বারা বা কোনো পক্ষের ইন্ধনে প্রভাবিত হয়ে এই বানোয়াট ও মিথ্যা অভিযোগ করেছেন। প্রকৃতপক্ষে মাহফিল বাস্তবায়ন কমিটির নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। 


মাহফিল আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সাইফুল ইসলাম বলেন, একটি দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলের সঙ্গে ইঞ্জিনিয়ার ইকবালকে জড়ানো হয়েছে রাজনৈতিক কারণে, বিএনপিকে হেয় করার জন্য। একটি চক্র এই কাজটি করিয়েছে, প্রয়োজনে আমরা আইনের আশ্রয়ে যাবো। এছাড়া ছড়িয়ে পড়া ভিডিওতে আমির হামজা দাবি করেন, যে মাহফিল বন্ধ করার কারণে দুই তিন লাখ টাকা খরচ হয়েছে। তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ায়াট। কারণ ৭ নভেম্বর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমরা ১ নভেম্বর ওয়াজ মাহফিল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। ওয়াজ মাহফিল করার জন্য কোনো প্যান্ডেলও করা হয়নি।


শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ কমিটির সহসভাপতি বাহার উদ্দিন দুদু বলেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। মূলত বিএনপি দলকে হেয় করার জন্যই একটি গুপ্ত দলের এবং গোষ্ঠীর ইন্ধনে পরিকল্পিতভাবে এই মিথ্যাচার করা হয়েছে।  


মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস বলেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে মৌখিকভাবে মাহফিলের আমন্ত্রণ দেওয়ার পর তা তিনি সাদরে গ্রহণ করেছেন। কিন্তু গুপ্তরা এসব মিথ্যাচার করছে।  


গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি স্পর্শকাতর বিষয় নিয়ে মুফতি আমির হামজা যে বক্তব্য দিয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইনকে জড়িয়ে, এটি সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যা এবং বানোয়াট অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমির হামজা এ ধরনের বক্তব্য দিয়েছেন। মূলত মাহফিলটি গত ২ নভেম্বর স্থগিত করেছে আয়োজক কমিটি। উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাহফিল বন্ধের বিষয়ে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগটি সঠিক না। মূলত আয়োজন কমিটিই তাদের সিদ্ধান্তে গত ২ নভেম্বর লিখিত বক্তব্যে মাহফিলটি স্থগিত করেছেন, এটিই সত্য।


তথ্যসূত্র: জাগোনিউজ