মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

‘জুলাই জঙ্গি’ বলে সমন্বয়ক হাসিবকে চাপাতি দিয়ে কোপ

সোনার দেশ ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন
‘জুলাই জঙ্গি’ বলে সমন্বয়ক হাসিবকে চাপাতি দিয়ে কোপ
সংগৃহীত ছবি

জুলাই অভ্যুত্থানের সময় সমন্বয়কের দায়িত্ব পালন করা হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তার হাতের একটি অংশ কেটে গেছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।


এদিকে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও শেয়ার করে উল্লাস করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম। পথে এক ব্যক্তি তাঁর অটোরিকশার গতিরোধ করেন।


ভিডিওতে ওই ব্যক্তির মুখ দেখা যায়নি। শুরুতে তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে সম্বোধন করতে শোনা যায়।


এরপর হঠাৎ চাপাতি দিয়ে তাকে আঘাত করা হয়। এতে তার হাতের একটি অংশ কেটে যায়।


এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া শামীম হোসেন এ হামলার নিন্দা জানিয়ে বলেন, আমাদের ছোট ভাই হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। বাসে আগুনের সন্ত্রাস চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। সরকারের দায়িত্ব দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এ ব্যাপারে সরকার কঠোর হবে, সেই কামনা করছি।


তথ্যসূত্র: বাংলানিউজ