মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

পলাতক অপরাধী কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন :রিজভী

বগুড়া প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
পলাতক অপরাধী কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন :রিজভী

বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর কীভাবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিচার নিশ্চিত করা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি।


মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’র রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার বিষয়টি সামনে এনে রিজভী বলেন, ২০২৪ সালে একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতন হয়েছে। এখন তিনি দেশে ফেরার কথা বলছেন এবং পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার বিষয়েও আলোচনা হচ্ছে। অথচ কীভাবে তিনি দেশ ছেড়ে গেছেন, তা সবার জানা। তিনি পালিয়ে গেছেন।


সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিতে গিয়ে তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, পলাতক ব্যক্তিদের বক্তব্য প্রচার করা যায় না। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে সেই যুক্তি কীভাবে প্রযোজ্য হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।


রিজভী বলেন, তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, যারা পলাতক, তাদের বক্তব্য প্রচার করা যায় না। তাহলে জনগণের চোখের সামনে দিয়ে দেশ ছেড়ে যাওয়া একজন ব্যক্তির ক্ষেত্রে এখন কী যুক্তি দেওয়া হবে?


তারেক রহমানের বিদেশে অবস্থানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে যেতে হয়েছিল। এরপর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা ও হয়রানি করা হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেন রিজভী।


তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। দেশে অতীতের মতো ‘আমিডামির নির্বাচন’ কিংবা ‘মিডনাইট নির্বাচন’ হয়নি। জনগণের ভোটে নির্বাচিত এ সরকার আইনের যথাযথ ও ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করবে।


আইন ও আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।


জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।


প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প নিয়ে অংশ নেয়। সকাল থেকে শিক্ষার্থীরা অতিথিদের সামনে তাদের উদ্ভাবন ও প্রকল্প উপস্থাপন করে। দিনব্যাপী প্রদর্শনী ও মতবিনিময় শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


প্রদর্শনীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সোলার পাওয়ার ওয়াটার মাল্টি মনিটরিং সিস্টেম’ নামে একটি প্রকল্প উপস্থাপন করেন। সৌরবিদ্যুৎচালিত এ প্রযুক্তির মাধ্যমে মাছ চাষের উপযোগী পানির বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করা সম্ভব হবে।


অন্যদিকে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরা ‘এম টু এম এগ্রোনা’ প্রকল্প প্রদর্শন করেন। এ প্রযুক্তির মাধ্যমে জমিতে সরাসরি না গিয়েও ঘরে বসে সেচ কার্যক্রম পরিচালনা করা যাবে।


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ‘অ্যারোস্ট্রাইকার’ নামের একটি ড্রোন প্রদর্শন করেন। এ ছাড়া সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেব সারথী তীর্থ একটি মিসাইলভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন।