পুলিশ আর নোংরা জায়গা থেকে মাসোহারা নেবে না: ডিআইজি মীর আশরাফ আলী
পুলিশ আর কোনো নোংরা জায়গা থেকে মাসোহারা নেবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী।
তিনি বলেছেন, নিরপরাধ মানুষের উপর গুলি চালানো কিংবা পুলিশের নাম ব্যবহার করে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। পুলিশকে জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাজশাহী রেঞ্জে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বগুড়ায় সফরে এসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতে এবং অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের মতামত ও পরামর্শ শুনতে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
মতবিনিময় সভায় ডিআইজি মীর আশরাফ আলী বলেন, জনসংখ্যা বেশি হলে অপরাধের প্রবণতা ও অপরাধের সংখ্যাও বাড়ে। বাংলাদেশ একটি গরিব ও অভাবী দেশ , তাইতো মানুষের অভাব দূর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পুলিশের নীতিনির্ধারকদের প্রসঙ্গে তিনি বলেন, যারা দেশের মানুষকে ভালোবেসে পুলিশিংয়ের দায়িত্ব নিয়েছেন, তাঁদের মধ্যে কোনো খাদ নেই। তাঁরা দীর্ঘদিন নির্যাতিত ছিলেন। এখন যদি পুলিশকে সঠিকভাবে দাঁড় করানো না যায়, তাহলে আগের সেই ব্যবস্থারই পুনরাবৃত্তি হবে।
পুলিশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ডিআইজি বলেন, এমন পুলিশ বাহিনী গড়ে তুলতে চান, যারা কখনো নিরপরাধ মানুষের ওপর গুলি চালাবে না এবং কোনো অবৈধ উৎস থেকে মাসোহারা গ্রহণ করবে না।
অপরাধ নিয়ন্ত্রণে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, রাজশাহী বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ রুট নিয়ন্ত্রণ করা হবে তাঁদের প্রথম কাজ। তবে একবারেই অপরাধ নির্মূলের প্রতিশ্রুতি দিতে চান না তিনি। তাঁর ভাষায়, অপরাধ পুরোপুরি নির্মূল হবে—এমন কথা দেওয়া সম্ভব নয়, তবে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
পুলিশের আচরণগত পরিবর্তন ও সদস্যদের মনোবল প্রসঙ্গে তিনি আরও বলেন, বর্তমানে দায়িত্ব পালনকালে কেউ অশালীন ভাষায় গালিগালাজ করলেও পুলিশ সদস্যরা পাল্টা গালিগালাজ করছেন না। বরং ধৈর্যের সঙ্গে আইনের প্রয়োগ করছেন। এটি পুলিশের ইতিবাচক পরিবর্তনের একটি দৃষ্টান্ত।
পুলিশের অতীত ভূমিকার সমালোচনা করে ডিআইজি বলেন, অতীতে নিরপরাধ মানুষের ওপর গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদসহ জেলার বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার অন্তত ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।